
নিহত নাজিবুল হক রাশেদ ও মো. সোলাইমান ওরফে সালমান। ছবি: সংগৃহীত
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারে (পানশালা) ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে পাল্টা হামলায় আরেক যুবক নিহত হন।
আজ শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই হোটেলের বারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শহরের ফিশারিজ ঘাট এলাকার নাজিবুল হক রাশেদ ও বিজিবি ক্যাম্প এলাকার মো. সোলাইমান ওরফে সালমান।
পুলিশ জানায়, আগের বিরোধের জেরে বারের একটি কক্ষে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে একপক্ষ বাইরে থেকে একজনকে ডেকে আনে। ওই ব্যক্তির হাতে ছুরি ছিল।
বারের প্রথম তলায় রাশেদকে ছুরিকাঘাত করা হয়। তিনি কোনোভাবে নিচে নেমে এলেও প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করতে থাকে। সেসময় তাকে ভাঙা কাচের বোতল দিয়েও আঘাত করা হয়। পরে রাশেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ছুরিকাঘাতের ঘটনায় সালমানকে বারের বাইরে প্রতিপক্ষের লোকজন আটক করে। পরে তাকে মারধর করে ফিশারিজ ঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে গুরুতর অবস্থায় সালমানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহিদুর রহমান বলেন, আজ দুপুর পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। বারের ভেতরে কারা ছিল, বাইরে থেকে কে ওই ব্যক্তিকে ডেকে এনেছিল, কে ছুরিকাঘাত করেছে ও পরে কে সালমানকে আটক করে মারধর করেছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।
আহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুপক্ষই স্থানীয় এবং তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তবে বৃহস্পতিবার রাতে তর্কাতর্কির সঠিক কারণ এখনো জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনায় জড়িত আরেক সন্দেহভাজন যুবকের পরিচয় তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা হচ্ছে না। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে জড়িতদের পরিচয় ও ভূমিকা যাচাই করছে পুলিশ।
পালাবদল/এসএ