বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
 
বিদেশ
ক্ষেপণাস্ত্র সংকটের খবরে ক্ষেপেছেন ট্রাম্প, তথ্যদাতাদের জেলে ভরার হুমকি





পালাবদল ডেস্ক
Thursday, 6 August, 2026
5:09 PM
 @palabadalnet

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে দাবি করে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবর নাকচ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে এ ধরনের তথ্যদাতাদের ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে তাদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিরক্ষা কারখানা ও উৎপাদন কেন্দ্র এখন নির্মাণ করা হচ্ছে।”

একই পোস্টে তিনি আরও বলেন, “এই রাষ্ট্রদ্রোহী, তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এল, যখন একাধিক মার্কিন গণমাধ্যম ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা থেকে ট্রাম্প প্রশাসন সরে এসেছে বলে দাবি করেছে।

ট্রাম্পের এ হুমকির মধ্যেই ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে আলোচনা করেন ট্রাম্প। প্রতিবেদনে দাবি করা হয়, অস্ত্রের এই ঘাটতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত করে দিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় সব আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম) ব্যবহার করে ফেলেছে। পাশাপাশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতেরও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরু থেকে থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এ কারণে পেন্টাগনের গোলাবারুদের মজুত এখন ‘বিপজ্জনকভাবে কম’ পর্যায়ে নেমে এসেছে বলে একাধিক সূত্রের বরাত দিয়েছে সংবাদমাধ্যমটি। একই প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে একাধিকবার সতর্ক করেছিলেন।

তবে ওয়াশিংটন পোস্ট, রয়টার্স ও সিএনএনের এসব প্রতিবেদন নাকচ করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। ট্রাম্পের নতুন দাবির আগেই পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেছিলেন, প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]