মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
 
বিদেশ
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান





পালাবদল ডেস্ক
Monday, 3 August, 2026
10:52 PM
 @palabadalnet

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আমেরিকার সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না। এমনকি অদূর ভবিষ্যতেও এ ধরনের কোনো আলোচনার পরিকল্পনা নেই। তবে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তেহরান।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে তিনি হামলা বন্ধ করে আলোচনার পথ বেছে নিয়েছেন। আজ সোমবার থেকেই হরমুজ প্রণালি চালু ও ইরানের পরমাণু কর্মসূচির অবসান ঘটানোর বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হবে বলেও তিনি দাবি করেন।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমরা এ মুহূর্তে আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় অংশগ্রহণ করছি না। তবে আমরা হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।”

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পারাপার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে ইরান।

তেহরানের দাবি, শুধু তাদের বেঁধে দেওয়া পথেই হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল করতে পারবে।

পাশাপাশি, আগে থেকে অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে বলেও দেশটি দাবি করেছে।

বাঘাই ওমানের সঙ্গে আলোচনাকে “‘গঠনমূলক’ আখ্যা দিয়ে জানান, নতুন একটি রুট নিয়ে সমঝোতায় পৌঁছানোই এসব আলোচনার লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমরা আশা করি, আঞ্চলিক ও বাইরের সব পক্ষ ইরানের এই দায়িত্বশীল পদক্ষেপের গুরুত্ব বুঝবে এবং নিজেরাও গঠনমূলক অবস্থান গ্রহণ করবে।”

ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বাঘাই বলেন, যতদিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালু রাখবে, ততদিন হরমুজ প্রণালির পরিস্থিতিও অপরিবর্তিত থাকবে।

ট্রাম্প ও ইরানের এই পরস্পরবিরোধী বক্তব্য এখন পাঁচ মাস ধরে চলমান সংঘাতের সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন পরপরই ট্রাম্প এ ধরনের বক্তব্য দেন এবং অনুমিতভাবেই, ইরানের পক্ষ থেকে আসে অস্বীকৃতি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]