রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার ২৬ জুলাই ২০২৬
 
বিদেশ
দুই সপ্তাহে ২০০ মার্কিন সেনা হত্যা ও ১৫ বিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির





Sunday, 26 July, 2026
11:58 AM
 @palabadalnet

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি । ছবি : সংগৃহীত

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি । ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি শনিবার দেশটির বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব দাবি করেন।

মোহেব্বির দাবি, গত ৬ থেকে ২২ জুলাই পর্যন্ত টানা ১৫ দিনের সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনা নিহত এবং আরও অনেক সেনা আহত হয়েছেন। তিনি বলেন, “ইরানের অপারেশন নাসর-২ এর আওতায় মার্কিন সেনা মোতায়েনের আটটি ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।”

মার্কিন প্রশাসনের প্রকাশিত হতাহতের তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে আইআরজিসির এই মুখপাত্র বলেন, “মার্কিন জনগণের উচিত তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের সব কথা বিশ্বাস না করা। যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক গণমাধ্যমকে ধ্বংস হওয়া ঘাঁটিগুলো পরিদর্শন করতে দেওয়া। তাহলেই সেখানে কত সেনা নিহত হয়েছে সবাই জানতে পারবে।”

তিনি আরও দাবি করেন, দ্বিতীয় দফার এই যুদ্ধে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও ৪টি অত্যাধুনিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এর মধ্যে একটি এফ-১৫ যুদ্ধবিমানও রয়েছে। এ ছাড়া একটি পি-৮ নজরদারি বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং ৮টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে। আর ধ্বংস করা ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোনের মধ্যে ৮টি ছিল একেবারে নতুন।

এ ছাড়া ইরানের হামলায় মার্কিন বাহিনীর সাতটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, তিনটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, ছয়টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা রাডার, চারটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা কমপ্লেক্স, চারটি হিমার্স ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম, ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, ১২টি জ্বালানি ট্যাংক, সতেরটি অস্ত্র ও যন্ত্রাংশের গুদাম, ছয়টি ক্ষেপণাস্ত্র গুদাম, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তথ্যকেন্দ্র এবং একটি পানির নিচের ড্রোন (ইউডব্লিউইউভি) সংরক্ষণকেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে মোহেব্বি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে ওয়াশিংটন ইরানে হামলা চালায়। এর জবাব হিসেবেই ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে, চলমান মার্কিন-ইরান যুদ্ধে ইসরায়েলকে নতুন করে জড়ালে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, ‘ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে আমরা এমন জবাব দেব, যা ইসরায়েলি শাসনব্যবস্থার জন্য বিপর্যয় ডেকে আনবে।’

মোহেব্বির অভিযোগ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ধরে রাখতে এবং নিজের লক্ষ্য অর্জনে ওয়াশিংটনকে উস্কানি দিচ্ছে ও ভুল তথ্য সরবরাহ করছে তেল আবিব।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

পালাবদল/এস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]