রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার ২ আগস্ট ২০২৬
 
বিদেশ
দ্রুত চুক্তি হওয়ার শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করছেন ট্রাম্প





পালাবদল ডেস্ক
Sunday, 2 August, 2026
2:49 PM
 @palabadalnet

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হলে তিনি দেশটির বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করবেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যে, তিনি ইরানের সাথে ‘দ্রুত একটি চুক্তি করতে সক্ষম হওয়ার শর্তে হামলা বাতিল করার’ সিদ্ধান্ত নিয়েছেন।

এ চুক্তির মধ্যে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া এবং ‘ইরানের পারমাণবিক হামলার হুমকির’ অবসান অন্তর্ভুক্ত থাকবে। তবে, ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প বলেছেন, এ সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ওয়াশিংটন সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন ও ব্যাপক হামলার পরিকল্পনা করে থাকতে পারে। ওই আলোচনার মধ্যেই নতুন এ ঘোষণা এলো।

এর আগে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ তুলে বলেছিল, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে গ্রাস হবে’ মানে তাদের ওপর হামলার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল তেহরান।

পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের ওপর হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত ছিল এবং হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল - এমন মাত্রার সামরিক শক্তি ও ক্ষমতা নিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন হামলা আর দেখা যায়নি।”
 
কিন্তু ইরান এবং মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন, যাতে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি হয়, বলেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন যে পরিস্থিত একটি সমঝোতার দিকে অগ্রগতি হয়েছে এবং বলেন, “চুক্তির পরিধি নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।” তিনি লেখেন, “এর মধ্যে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে, সম্পূর্ণভাবে এবং পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে।”

এর আগে যুক্তরাষ্ট্র সরকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ওই “অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে” সেখান থেকে দেশ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল।

শনিবার প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, “বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা ও বাড়তি সজাগ থাকা উচিত, এবং ভ্রমণের সময় ফ্লাইট বাতিল, আকাশপথ আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকা উচিত।”

এর আগে যুক্তরাষ্ট্রে বিবিসির সংবাদ অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বোমা হামলা অভিযানের একটি চালানোর পরিকল্পনা করছিল।

সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে ওই পরিকল্পনা উত্থাপিত হয়।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে সাংবাদিকেরা তখনও কক্ষে থাকার সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমরা তাদের (ইরানিদের) কঠোরভাবে আঘাত করব। এক পর্যায়ে তারা নিজেরা বলবে, আমরা আর সহ্য করতে পারছি না।”

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের সম্ভাব্য হামলা নিয়ে 'উদ্বেগ প্রকাশ করেছেন'। বার্তা সংস্থা রয়টার্সও ট্রাম্পের সাথে সৌদি যুবরাজের ওই ফোনালাপের খবর দিয়েছে।

এপ্রিল মাসে যুদ্ধ স্থগিত করার লক্ষ্যে করা যুদ্ধবিরতি জুন মাসে এসে ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরান পরস্পরের ওপর ধারাবাহিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে রয়েছে।

এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র বলেছিল, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ইরানের বিরুদ্ধে 'ভারী মাত্রার' হামলার একটি ধাপ সম্পন্ন করেছে।

সেই সাথে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করেছে এবং দেশটির বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালিয়েছে।

আর অন্যদিকে, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সম্পদের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং বৈশ্বিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।

গত ২৮শ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর ফলে বিশ্বব্যাপী তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দেয়, অনেক দেশে জ্বালানি সংকট শুরু হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]