বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
 
সারাবাংলা
হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত, এলাকায় জলাবদ্ধতা





হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
Thursday, 6 August, 2026
5:15 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা ভারী বর্ষণে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়ায় উত্তাল রয়েছে সাগর।

এদিকে টানা ভারী বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছে লোকজন। এতে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোকজনকে অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার ও আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাবলুর রহমান বলেন, গতকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কৃষিজমিও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ধানের বীজতলা, শাক-সবজি ও মাছের ঘেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। নিচু এলাকায় যাতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো স্থানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]