
আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে জকসু ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে জকসু নেতারা ও কয়েকজন কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান। প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি জানানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চেরও কিছু সদস্য সেখানে ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। জকসুর নেতারা মিলনায়তনে প্রবেশমুখের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচি ও সেমিনার শেষে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে ছাত্রদলের সঙ্গে জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে আবারও মারামারি হয়। এ সময় কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।
গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' প্রদর্শনীতে একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।
গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী ঘিরে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া রাত ১১টা পর্যন্ত দফায় দফায় চলে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র, হকি স্টিক, লোহার রড ও লাঠিসোঁটা দেখা যায়। অনেকে হেলমেট পরেও সংঘর্ষে জড়ান। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে আজ সকালেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পালাবদল/এসএ