মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
 
শিক্ষাঙ্গন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সাধারণ বিশ্ববিদ্যালয় করা হবে





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 September, 2026
4:25 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার পর এবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় বিদ্যমান “চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

খসড়া অনুযায়ী, প্রতিষ্ঠানটির নতুন নাম হবে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’ ইংরেজিতে “ইউনিভার্সিটি অব চাঁদপুর’।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের আইন বাতিল করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের জন্য গত ৮ জুলাই আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয় উইংয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তুত করেছে। এখন আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে এর ওপর লিখিত মতামত চাওয়া হচ্ছে।

প্রস্তাবিত নতুন আইনে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতে শিক্ষাদান ও গবেষণা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুষদ ও ইনস্টিটিউট গঠন, নিয়োগ, পরীক্ষা পদ্ধতি, একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনের বিষয়ে বিস্তারিত বিধান রাখা হয়েছে।

এর আগে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত জুলাই মাসে সরকার সংসদে “বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করে। এর লক্ষ্য ছিল “বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রণীত আইনের অধীনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণে জমির দাম কারসাজির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক বা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি বছরের জুলাই মাসে সরকার অধ্যাপক এম আতিকুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]