মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
অড নিউজ
স্বামীর সঙ্গে ঝগড়া করে বারান্দা থেকে হাজার হাজার ডলারের নোটবর্ষণ স্ত্রীর! কুড়োতে হুড়োহুড়ি রাস্তায়





পালাবদল ডেস্ক
Saturday, 18 April, 2026
1:17 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাড়া তাড়া নোট বাতাসে উড়ে পড়ছে বারান্দা থেকে। একটি বহুতলের বারান্দায় দাঁড়িয়ে ডলার ছুড়ছিলেন এক মহিলা। সেই ডলার বাতাসে ভর করে নীচে পড়তেই কুড়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় পথচলতি জনতার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি চীনের গুয়াংডং প্রদেশের। একটি বহুতলের আবাসনের বারান্দা থেকে ১০০০ হংকং ডলারের নোট নীচে ফেলতে থাকেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অদ্ভুত এই ঘটনাটি নেটাগরিকদের নজরে পড়তেই তা ভাইরাল হয়েছে। 

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, বহুতলটির বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ১,০০০ হংকং ডলারের নোট ছড়িয়ে দিচ্ছেন এক মহিলা। তিনি বারান্দা থেকে বার বার কমলা রঙের নোটের বান্ডিল ছুড়ে ফেলছেন নীচে। পথচারীরা টাকা কুড়ানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। পরে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে ডলারগুলি উদ্ধারের চেষ্টা করেছে। বহুতলের ব্যবস্থাপনা কর্মীরা জানিয়েছেন যে বহুতলের কিছু বাসিন্দা খুঁজে পাওয়া নোটগুলি জমা দিয়েছেন। সেগুলি আসল নোট বলে যাচাই করা হয়েছে। স্থানীয় একটি পুলিশস্টেশন জানিয়েছে যে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ ডলার হস্তান্তর করার জন্য বাসিন্দাদের অনুরোধ করেছে পুলিশ।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া ও মনোমালিন্যের পরে এই কাণ্ড ঘটিয়েছেন এক মহিলা। আবার বেশ কিছু সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবারের এক সদস্যের গুরুতর অসুস্থতার কারণে ওই মহিলা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। সান্ত্বনা দেওয়ার পর তিনি স্থিতিশীল হন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডলার সংগ্রহ করে ফেরত দিয়েছেন স্থানীয়রা। মহিলা কত ডলার ছড়িয়েছিলেন তা নিয়ে স্পষ্ট কোনও বিবৃতি পাওয়া যায়নি। সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় যে তিনি প্রায় ১ লক্ষ ৬২ হাজার ডলারের নোট নীচে ছুড়ে ফেলে দেন। ‘রিপোটার্জনিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করার পর প্রচুর মানুষ সেটি দেখেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]