
স্পেনের ফুটবলারদের উল্লাসের সময় পাশেই দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
শুরুটা হয়েছিল বিদ্রুপ দিয়ে। শেষটাও হল বিদ্রুপ দিয়ে। বিশ্বকাপ ফাইনালে হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যত বার তাকে দেখানো হলো, বিদ্রুপ করলেন দর্শকেরা। খেলা শেষে তো আর এক কাণ্ড। স্পেনের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ থেকে নামানো গেল না তাকে। স্পেনের সঙ্গেই উল্লাস করলেন ট্রাম্প।
খেলার শুরুতে ভিআইপি বক্সে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসেছিলেন সস্ত্রীক ট্রাম্প। তাকে দেখা মাত্র গ্যালারি জুড়ে বিদ্রুপ শুরু হয়। শিস্ দেন দর্শকদের একাংশ। ট্রাম্প অবশ্য বিশেষ পাত্তা দেননি। খোশগল্পে মেতেছিলেন তিনি। একটা সময় দেখা যায়, বিশ্বকাপের ট্রফি তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তা কিছুক্ষণ কোলে রেখে সামনে রেখে দেন।
খেলা শেষে ইনফান্তিনোর সঙ্গেই মাঠে এলেন ট্রাম্প। উঠলেন মঞ্চে। ট্রাম্প মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বিদ্রুপ শুরু হল। তার মাঝেই ফুটবলারদের গলায় মেডেল পরিয়ে দিলেন ট্রাম্প ও ইনফান্তিনো। শেষে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিলেন ট্রাম্প।
তবে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি।
রোমেরোর ট্রাম্পের সঙ্গে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি ট্রাম্পের আগে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলান। তবে ট্রাম্পকে এড়িয়ে যান।
পালাবদল/এসএ