
এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত
ঢাকা: জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে (বিইআরসি)। জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা। সে হিসাবে চলতি মাসে দাম কমেছে ৩৫৭ টাকা।
নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা। আগে এর দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৬ টাকা ৫৩ পয়সা।
এর আগে গত ২ জুনও এলপিজির দাম কমানো হয়েছিল। তখন ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়। একই সময় অটোগ্যাসের দামও প্রতি লিটারে ২ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
পালাবদল/এমএম