রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
 
স্পোর্টস
ট্রান্সফার লাইভ: ৭ কোটি ইউরোর বেশি দামে বার্সায় রদ্রি!





Sunday, 16 August, 2026
6:59 AM
 @palabadalnet

গোল্ডেন বল হাতে রদ্রি। ছবি: এএফপি

গোল্ডেন বল হাতে রদ্রি। ছবি: এএফপি

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

জেসুসকে নিয়ে নাপোলির সঙ্গে আলোচনায় আর্সেনাল

আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে নাপোলি। ফিচাজেস জানিয়েছে, ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারও উত্তর লন্ডন ছাড়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন। ফলে চলতি দলবদলে জেসুসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সাভিনিওকে পেতে এগিয়ে টটেনহাম

ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিওকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে টটেনহাম। ইভনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, ২২ বছর বয়সী এই খেলোয়াড়ও সিটি ছাড়তে আগ্রহী। ফলে দুই পক্ষের আলোচনায় অগ্রগতি হলে টটেনহামে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে।

৭ কোটি ইউরোর বেশি দামে বার্সায় রদ্রি!

রদ্রিকে নিয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির দীর্ঘ আলোচনার শেষটা এবার দেখা যাচ্ছে। মাত্তেও মোরেত্তো জানিয়েছেন, দুই ক্লাবের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে। স্থায়ী ও পারফরম্যান্সভিত্তিক অর্থ মিলিয়ে দলবদলের মূল্য হবে ৭ কোটি ইউরোর বেশি।

ওসিমেনকে নিয়ে তিন ইংলিশ ক্লাবের আলোচনা

গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেনকে দলে ভেড়ানোর সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও আর্সেনাল। টিমটক জানিয়েছে, নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিয়ে তিন ক্লাবই আগ্রহী। ফলে ওসিমেনের পরবর্তী গন্তব্য হিসেবে প্রিমিয়ার লিগের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

টটেনহামে যেতে গাকপোর নীতিগত সমঝোতা

লিভারপুলের নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো টটেনহামে যাওয়ার বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছেন। ডাচ সংবাদমাধ্যম ভোেতবাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, ব্যক্তিগত শর্ত নিয়ে সমঝোতার পর এখন দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষা।

আনুষ্ঠানিকভাবে পিএসজির খেলোয়াড় ফেরান তোরেস

দীর্ঘ আলোচনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পিএসজিতে যোগ দিলেন ফেরান তোরেস। বার্সেলোনা ও প্যারিসের ক্লাবটি ৫ কোটি ইউরোর কিছু বেশি অর্থের বিনিময়ে চুক্তিতে পৌঁছেছে। ফলে বার্সেলোনা অধ্যায় শেষ করে এবার পিএসজিতে নতুন পথচলা শুরু করলেন স্পেনের এই ফরোয়ার্ড।

আনুষ্ঠানিকভাবে আতলেতিকোয় কুটি রোমেরো

ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। টটেনহাম থেকে আর্জেন্টাইন সেন্টার-ব্যাককে ৪ কোটি ইউরোতে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। রোমেরোর সঙ্গে আতলেতিকোর চুক্তি ২০৩১ সাল পর্যন্ত। দিয়েগো সিমিওনের রক্ষণকে আরও শক্তিশালী করতেই বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারকে দলে টেনেছে মাদ্রিদের ক্লাবটি।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]