রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
 
দক্ষিণ এশিয়া
মোদির স্বাধীনতা দিবসের ভাষণে তরুণদের ক্ষোভের কথা নেই, উল্টো ‘দিমাগি নকশাল’বললেন





দ্য ওয়্যার
Sunday, 16 August, 2026
7:17 AM
 @palabadalnet

ছবি: পিটিআই

ছবি: পিটিআই

দিল্লির জন্তর মন্তরে শুরু হওয়া তরুণদের বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ার পর এবং এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবারের মতো কোনো বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসের ভাষণে তিনি সমাজকে ভুল পথে ঠেলে দেওয়া ‘দিমাগি নকশাল’ বা ‘বুদ্ধিবৃত্তিক নকশালদের’ বিরুদ্ধে সতর্ক করেছেন।

মোদি বলেন, ভারতের জঙ্গলে বামপন্থী উগ্রবাদ বা ‘লেফট উইং এক্সট্রিমিজম’ মোকাবিলা করা সম্ভব হয়েছে। কিন্তু ‘দিমাগি নকশালরা’ এখনো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে। তাদের বিচ্ছিন্ন করতে হবে এবং দেশের তরুণদের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।

লালকেল্লার প্রাচীর থেকে এটি ছিল মোদির ১৩তম স্বাধীনতা দিবসের ভাষণ। তবে এমন সময়ে এই ভাষণ দিলেন তিনি, যখন তার সরকারের বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষ রাস্তায় নেমে এসেছিল। সেই বিক্ষোভের চাপে প্রথমবারের মতো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

তবে মোদির ভাষণে বিক্ষোভের সরাসরি কোনো উল্লেখ ছিল না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে তরুণদের ব্যাপক ক্ষোভ, কিংবা বিক্ষোভকারীদের ওপর পুলিশের চালানো দমন-পীড়নের কথাও তিনি বলেননি। বরং পুলিশের পদক্ষেপের পর যে আরও বেশি তরুণ রাজপথে নেমে এসেছিল, সেই বিষয়টিও তার বক্তব্যে অনুপস্থিত ছিল।

তবে তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা যে মোদির ভাষণে ছিল, তা স্পষ্ট হয়েছে তার কিছু ঘোষণায়। তিনি ঘোষণা করেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভারতের ডিজিটাল অবকাঠামো ব্যবহার করে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হবে। আগামী এক বছরে এক কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।

মোদি বলেন, বামপন্থী উগ্রবাদ শেষ হলেও ‘দিমাগি নকশাল’ এবং মাওবাদী মানসিকতার লোকজন ক্ষমতার বিভিন্ন স্তরে নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা সহিংসতার পথ তৈরি করার সুযোগ খুঁজছে।

তিনি বলেন, “বহু বছর ধরে মাওবাদী মানসিকতার কিছু মানুষ দেশের ক্ষমতার বিভিন্ন স্তরে নিজেদের অবস্থান শক্ত করেছে। সরকারি কমিটির উপদেষ্টা হিসেবেও তারা নীতিনির্ধারণে প্রভাব ফেলেছে। আমরা জঙ্গলের সশস্ত্র নকশালদের নির্মূল করতে এবং দেশকে সেই সংকট থেকে মুক্ত করতে সফল হয়েছি।”

মোদি আরও বলেন, “কিন্তু সশস্ত্র নকশালরা চলে গেলেও ‘দিমাগি নকশালরা’ সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সহিংসতা ও বিভাজনের পথ তৈরি করতে বিভিন্ন কৌশল ব্যবহার করছে এবং সমাজকে ভুল পথে ঠেলে দিতে চাইছে। আমাদের এসব ‘দিমাগি নকশালকে’ চিহ্নিত করতে হবে। তাদের বিচ্ছিন্ন করতে হবে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে তরুণদের মূলধারার সঙ্গে যুক্ত করতে হবে।”

মোদি এবারই প্রথম ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করলেন। এর আগে তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সমালোচকদের আক্রমণ করতে ‘আরবান নকশাল’ বা ‘শহুরে নকশাল’ শব্দটি ব্যবহার করেছেন। তবে ২০২০ ও ২০২২ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে জানিয়েছিল, তারা এই শব্দবন্ধ ব্যবহার করে না।

ভারতের মধ্যবিত্ত শ্রেণি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ ভোটব্যাংক। সেই মধ্যবিত্তের প্রতি আবেদন জানিয়ে মোদি ঘোষণা করেন, এক কোটি তরুণকে বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে।

তিনি বলেন, “কোচিং ক্লাসের প্রতিযোগিতা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক অভিভাবক মনে করেন, সন্তানকে কোচিংয়ে না পাঠালে তাদের পরিবারকে ‘সম্মানজনক’ পরিবার হিসেবে দেখা হবে না। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো কোচিংয়ের পেছনে হাজার হাজার কোটি রুপি খরচ করছে। আমরা তাদের এই ব্যয় থেকে মুক্তি দিতে চাই।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা তরুণদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ডিজিটাল জনপরিকাঠামো রয়েছে। রয়েছে মেধাবী শিক্ষক ও দক্ষ জনশক্তি। এসব সম্পদ কাজে লাগিয়ে দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিংয়ের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলছি।”

তবে অনলাইন কোচিংয়ের প্রতিশ্রুতি দিলেও কেন হাজার হাজার তরুণ প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে ছুটছেন, সেই প্রশ্নের কোনো উত্তর দেননি মোদি। তরুণদের কর্মসংস্থানের সুযোগ কেন সংকুচিত হয়ে পড়ছে, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি। এর পরিবর্তে তিনি তরুণদের জন্য এআই দক্ষতা প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন।

মোদি বলেন, “আমি লালকেল্লা থেকে দেশের তরুণদের বলতে চাই, আগামী এক বছরে এক কোটি তরুণকে এআই দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে ভারতের তরুণরা এআইয়ের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]