শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
 
স্পোর্টস
১২৩ কোটি টাকা ছাড়াতে পারে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম





স্পোর্টস ডেস্ক
Saturday, 8 August, 2026
6:58 PM
 @palabadalnet

 ছবি: এক্স থেকে সংগৃহীত

ছবি: এক্স থেকে সংগৃহীত

মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। “হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিত সেই বিতর্কিত গোলের বলটি চলতি মাসে যুক্তরাষ্ট্রে নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, ফুটবলটির দাম ১ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

নানা কারণে স্মরণীয় সেই কোয়ার্টার ফাইনালে রেফারিকে ফাঁকি দিয়ে ডি-বক্সের ভেতর থেকে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনা। ম্যাচের বয়স তখন ৫১ মিনিট। প্রতিপক্ষের গোলরক্ষক পিটার শিলটন ও অন্যান্য খেলোয়াড়দের তীব্র প্রতিবাদ তিনিসিয়ার রেফারি আলি বিন নাসের আমলে না নেওয়ায় গোলটি টিকে যায়, যা নিয়ে দীর্ঘ ৪০ বছর পরেও চর্চা চলমান।

আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিতে ম্যাচ শেষে রসিকতা করে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা বলেছিলেন, গোলটি করা হয়েছিল “খানিকটা ম্যারাডোনার মাথা দিয়ে আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে’। তখন থেকে গোলটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিত পেয়ে আসছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ এই নিলামের আয়োজক। আগামী ২১ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় নিলামে ভিত্তিমূল্য ২৫ লাখ ডলার (৩০ কোটি ৫৪ লাখ টাকার বেশি) থেকে হাঁকডাক শুরু হবে। প্রতিষ্ঠানটির আশা, শেষ পর্যন্ত বলটির দাম আট অঙ্কের ঘর অর্থাৎ ১ কোটি ডলারে (১২৩ কোটি ৪১ লাখ টাকার বেশি) পৌঁছে যাবে।

‘হ্যান্ড অব গড’-এর চার মিনিট পর চোখ ধাঁধানো একটি গোল করেছিলেন ম্যারাডোনা, যা পরবর্তীতে খ্যাতি পেয়েছে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে। কারও কারও দৃষ্টিতে এটি ফুটবল ইতিহাসেরই সেরা গোল। মাঝমাঠে নিজেদের অর্ধে বল পেয়ে এক ছুটে ইংল্যান্ডের চার খেলোয়াড়কে (টেরি বুচারকে দুবার) কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ম্যারাডোনা। এরপর শিলটনকে পরাস্ত করে জাল কাঁপিয়ে মাতেন উল্লাসে। তার জোড়া গোলে সেদিন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর সেমিফাইনালে বেলজিয়াম ও ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানিকে হারিয়ে দলটি দ্বিতীয়বারের মতো হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন।

২০২০ সালে মারা যাওয়া ম্যারাডোনা ওই ম্যাচে যে জার্সিটি পরেছিলেন, সেটিও ঠাঁই নিয়েছে ইতিহাসের পাতায়। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফুটবল জার্সি এটি, যা নিলামে বিক্রি হয়েছে ৯৩ লাখ ডলারে (১১৪ কোটি ৭৭ লাখ টাকার বেশি)।

ফুটবল মাঠে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ ২০২৬ বিশ্বকাপেও তা উপভোগ করেছেন ভক্ত-সমর্থকরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে অর্থাৎ ২-১ গোলে জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে পরাস্ত হওয়ায় শিরোপা হাতছাড়া হয় লিওনেল মেসিদের।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]