শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
 
জাতীয়
তনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর সাবেক সেনা সদস্য হাফিজুর গ্রেফতার





নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
6:50 PM
 @palabadalnet

সোহাগী জাহান তনু। ফাইল ছবি

সোহাগী জাহান তনু। ফাইল ছবি

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আবারও গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শনিবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তরিকুল ইসলাম।

পিবিআই জানায়, কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুরকে গ্রেফতার করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান বলেন, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর হাফিজুর রহমান ৪ আগস্ট কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করে।

এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের দেওয়া হাফিজুরের ৬ মাসের জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে বিচারপতি মো. রেজাউল হক তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে নিম্ন আদালতকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, চেম্বার আদালতের আদেশের পর আগামী রোববার লিভ-টু-আপিলের বিষয়ে পরবর্তী শুনানি হবে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চলতি বছরের ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেফতার করে পিবিআই। তিনিই এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া একমাত্র আসামি।

পরে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আসামি হাফিজুরের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]