মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
 
অর্থ-বাণিজ্য
বন্ধ থাকা ২৫ রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের ১৫টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: বস্ত্রমন্ত্রী





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 30 June, 2026
1:22 AM
 @palabadalnet

খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

ঢাকা: দেশে বর্তমানে সুতা, বয়ন ও ডাইং-ফিনিশিং মিলিয়ে ১ হাজার ৮০৫টি বস্ত্রকল ও ২৬৬টি পাটকল রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 সোমবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) অধীনে ২৫টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকল রয়েছে। এছাড়া বেসরকারি খাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য হিসেবে প্রায় ১ হাজার ৭৮০টি সুতা, বয়ন ও ডাইং-ফিনিশিং মিল পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলসহ দেশে লাইসেন্সপ্রাপ্ত পাটকলের মোট সংখ্যা ২৬৬টি।

মন্ত্রী বলেন, “এর মধ্যে ১৯৩টি পাটকল চালু এবং ৭৩টি পাটকল বন্ধ রয়েছে।”

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ কারখানা পুনরায় চালুর অংশ হিসেবে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের মধ্যে ১৫টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “এরই মধ্যে চারটি বস্ত্রকলের জন্য নির্বাচিত বেসরকারি অংশীদারদের সঙ্গে চুক্তি সই ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে দুটি বস্ত্রকলে উৎপাদন শুরু হয়েছে।”

“এছাড়া আরও ১১টি বন্ধ বস্ত্রকল পিপিপি পদ্ধতিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর কার্যক্রম চলমান রয়েছে,’ যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, “২০২০ সালে সরকারি সিদ্ধান্তে বিজেএমসির অধীন ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।”

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এসব পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ পর্যন্ত ১৪টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইজারা দেওয়া হয়েছে, যার মধ্যে ৯টি পাটকলে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, “বাকি মিলগুলো পর্যায়ক্রমে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় এসব মিলেও উৎপাদন শুরু করা সম্ভব হবে।”

এছাড়া, এমএম জুট মিলস লিমিটেডে বিজেএমসির ব্যবস্থাপনায় একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড ও করিম জুট মিলস লিমিটেডকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে শিল্পাঞ্চল হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া ইজারার বাইরে থাকা আরও তিনটি পাটকলের মধ্যে আমিন জুট মিল সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়েছে ও অন্য দুটি পাটকল মামলাজনিত কারণে ইজারার বাইরে রাখা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]