রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রবিবার ১৬ আগস্ট ২০২৬
 
স্পোর্টস
‘বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে,’ সরল স্বীকারোক্তি স্মিথের





স্পোর্টস ডেস্ক
Sunday, 16 August, 2026
3:06 PM
 @palabadalnet

স্টিভ স্মিথ। ছবি: সংগৃহীত

স্টিভ স্মিথ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর হারের কারণ নিয়ে কোনো অজুহাত দাঁড় করাননি স্টিভ স্মিথ। বরং সোজাসাপ্টা স্বীকার করে নিয়েছেন, চার দিনের টেস্টে বাংলাদেশই ছিল পুরোপুরি এগিয়ে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটারের ভাষায়, “আমরা তাদের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি।”

ডারউনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াকু সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে ইনিংস হার থেকে বাঁচালেও শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য দিতে পারে স্বাগতিকরা।

সেই লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় মাত্র এক উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে এসে ৯ উইকেটের এই জয় বাংলাদেশের জন্য হয়ে ওঠে ঐতিহাসিক।

ম্যাচ শেষে স্মিথের কাছে হারের কারণ জানতে চাইলে তার বিশ্লেষণ ছিল খুবই সরল, “বেশ সহজ ব্যাপার, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, তারা ছিল ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না।”

বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়েও মুগ্ধ স্মিথ। তার মতে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা দারুণভাবে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে আরও দূরে সরিয়ে দেয়।

বাংলাদেশের ৪২৬ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল বড় একটি লিড। কিন্তু শুরু পাওয়া কয়েকজন ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন শুধু গ্রিন। কঠিন পরিস্থিতিতে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেও সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সহায়তা পাননি তিনি।

স্মিথ বলেন, “তারা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের সামনে অনেক রান তুলে দিয়েছে। গতকাল এমন একটি উইকেটে ব্যাট করার সুযোগ থাকলেও আমরা সেই রানটা তুলে নিতে পারিনি। কয়েকজন শুরু পেয়েছিল, কিন্তু সেটিকে বড় ইনিংসে পরিণত করতে পারেনি। গ্রিনিকে আমার মনে হয়েছে খুব ভালো ব্যাটিং করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না।”

ম্যাচে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে অন্তত ২০০ রানের লিড দিতে হতো বলে মনে করেন স্মিথ, “আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রানের লিড দরকার ছিল ম্যাচে থাকার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারিনি। যেমনটা বললাম, বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে।”

তবে এই হারকে অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি ব্যর্থতার লক্ষণ হিসেবে দেখতে নারাজ স্মিথ। বিশ্বের এক নম্বর দল হিসেবে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলার পর এই হারকে সাময়িক বিচ্যুতি হিসেবেই দেখছেন তিনি, “আমি আশা করি এটা শুধু একটা খারাপ সপ্তাহ। আমরা এক নম্বর দল হওয়ার একটা কারণ আছে। দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এই সপ্তাহটা ছিল একটু ব্যতিক্রম।”

তবে ব্যতিক্রম হলেও বাংলাদেশের পারফরম্যান্সকে খাটো করছেন না তিনি। বরং চার দিনের পুরো লড়াইয়ে বাংলাদেশ যেভাবে খেলেছে, তার জন্য বিজয়ীদের কৃতিত্ব দিতেই চান অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার।

“আমরা পরাস্ত হয়েছি। তারা খুব ভালো খেলেছে। তাই বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। গত চার দিন তারা যেভাবে খেলেছে, তার জন্য পুরো কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা অনেক কিছুই আরও ভালো করতে পারতাম,” বলেন স্মিথ।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]