
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ১৭ আগস্টের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণে দুজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন। তাদের সবাই পুরুষ।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ২৯ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
পালাবদল/এসএ