মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
 
জাতীয়
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 August, 2026
12:40 AM
 @palabadalnet

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার ১৮তম বৈঠকে খসড়াটি নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া, এ ব্যাটালিয়নকে জননিরাপত্তা, ভিআইপি ও সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে প্রস্তাবিত আইনে।

খসড়া অনুযায়ী, এপিবিএন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার কথাও বলা হয়েছে।

এই আইনটি হলে বর্তমানে কার্যকর ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯’ রহিত হবে।

খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]