বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
 
রাজনীতি
কিছুই বদলায়নি, একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির চলছে: মির্জা ফখরুল





Thursday, 30 July, 2026
6:18 PM
Update: 30.07.2026
6:20:37 PM
 @palabadalnet

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় আমি দেখছি যে, কিছুই বদলায়নি! যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে, একইভাবে যারা আটকে দিতো ভালো একটা কাজকে-আটকে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “কথাগুলো বলছি অনেক কষ্টে।”

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্য ভবন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া এই আয়োজনে তথ্য অধিদপ্তরের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়; উদ্বোধন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর। আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি দোয়া ও মোনাজাত করা হয়।

চব্বিশের আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, “অনেক প্রাণ গেছে। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা...মুগ্ধের আপন ভাই, তার প্রতি মুহূর্তে মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা ছবিটা দেখলাম যে, মা এখনো ভুলতে পারছে না। ভাবছে যে, বোধ হয় ছেলে এখনই চলে আসলো...ছেলে তো গেছে চলে! সেদিন পার্লামেন্টে একজন নারী এমপি তার সন্তানকে তিনি হারিয়েছেন, তিনিও বলছিলেন যে আই হ্যাভ লস্ট মাই সান। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য।”

“আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি পরিবর্তনের চেষ্টা না করতে পারি তাহলে তো মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনিই হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় আমি দেখছি যে, কিছুই বদলায়নি! যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে, একইভাবে যারা আটকে দিতো ভালো একটা কাজকে—আটকে দিচ্ছে। ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। এ কথাগুলো আক্ষেপে বলছি। আক্ষেপ বলছি এ জন্য যে, আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে,” যোগ করেন তিনি।

ফখরুল আরও বলেন, “কিন্তু আশাবাদী হই এই কারণে যে, আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে, হয়তোবা পরিবর্তনটা হবে। অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার।”

“আমরা খুব আশাবাদী যে, আমরা সবাই মিলে চেষ্টা করব। চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো,” যোগ করেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]