
সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, “রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করেছি...তবে আমরা চেয়েছিলাম, সংসদে অভিশংসনের মধ্য দিয়ে তাকে অপসারণ করতে হবে। কিন্তু সরকার অভিসংশনের পথে না গিয়ে এই ফ্যাসিবাদের দোসরকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে।”
“অসুস্থতার কথা বললেও তিনি তার পদত্যাগপত্রের মাঝে এমনভাবে ন্যারেটিভ সাজিয়েছে, যা আসলে তার জন্য একটি সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। সাহাবুদ্দিন চুপ্পু যত অপরাধ করেছে, সেগুলোর জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”
আখতার হোসেন আরও বলেন, সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি যদি বিচারের আওতায় না আসেন, “তাহলে চব্বিশের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।”
“এতদিন পর্যন্ত সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নাই। কিন্তু সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করা মাত্রই তার দায়মুক্তির আর কোনো জায়গা নেই। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে ”যোগ করেন আখতার হোসেন।
পালাবদল/এসএ