রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার ২৮ জুন ২০২৬
 
দক্ষিণ এশিয়া
করাচিতে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত তিন নিরাপত্তাকর্মী





পালাবদল ডেস্ক
Sunday, 28 June, 2026
5:52 AM
 @palabadalnet

শনিবার রাতে করাচিতে হামলার পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। ছবি: সংগৃহীত

শনিবার রাতে করাচিতে হামলার পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে আচমকা হামলা শুরু হলো শনিবার রাতে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আধাসেনা বাহিনীর ঘাঁটির কাছে একটি বিস্ফোরণ হয়। তার পরে শুরু হয় গোলাগুলি। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত, হামলায় পাকিস্তানি বাহিনীর তিন জন নিহত হয়েছেন। হামলাকারীদেরও তিন জন নিহত হয়েছেন বলে খবর।

শনিবার রাতে করাচিতে গুলিস্তান-এ-জওহর এলাকায় রাস্তার উপর হঠাৎ বিস্ফোরণ এবং গোলাগুলি শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়েই দ্রুত ওই এলাকায় পৌঁছে যান সে দেশের বিভিন্ন বাহিনীর নিরাপত্তাকর্মীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ অনুযায়ী, র‌্যাপিড রেসপন্স ফোর্স এবং পুলিশ কমান্ডো-সহ বিশেষ ইউনিটগুলিকে বিস্ফোরণস্থলে পাঠানো হয়।

সিন্ধু প্রদেশের পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাভেদ আলম ওধো জানান, আধাসেনা বাহিনী সিন্ধু রেঞ্জার্সের ঘাঁটিতে হামলা হয়েছে। এটিকে সন্ত্রাসবাদীরা হামলা বলে দাবি করেছেন তিনি। সিন্ধুর পুলিশপ্রধান জানান, গাড়ি নিয়ে আধাসেনা বাহিনীর ঘাঁটিতে হামলা করা হয়। বাহিনীর দফতরের মূল প্রবেশদ্বারে গাড়ি নিয়ে ধাক্কা মারে হামলাকারীরা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-কে তিনি জানান, হামলায় তিন জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিন জন সন্ত্রাসবাদীও নিহত হয়েছেন বলে জানান সিন্ধুর পুলিশপ্রধান। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে স্পেশ্যাল সিকিওরিটি ইউনিট কমান্ডো, অ্যান্টি টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। সিন্ধু প্রদেশের উদ্ধারকারী দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। ‘রেসকিউ ১১২২ সিন্ধু’ জানাচ্ছে, গুলিস্তান-এ-জওহর এলাকায় ব্লক ৫-এর কাছে একটি বিস্ফোরণ হয়েছে বলে খবর পায় তারা। ওই খবর পাওয়ার পরে দ্রুত সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল সেন্টার থেকে উদ্ধারকারী দল পাঠানো হয় বিস্ফোরণস্থলের উদ্দেশে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহও বিস্ফোরণ এবং গোলাগুলির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলির কাছ থেকে খবর নিতে শুরু করেছেন। সিন্ধু পুলিশের আইজি এবং করাচির অতিরিক্ত আইজি-র সঙ্গে কথা বলেছেন তিনি। পরিস্থিতি কী রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]