রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার ২৮ জুন ২০২৬
 
স্পোর্টস
কেইন ও বেলিংহ্যামের গোলে গ্রুপ সেরা ইংল্যান্ড





স্পোর্টস ডেস্ক
Sunday, 28 June, 2026
5:32 AM
 @palabadalnet

 দুই গোলদাতা হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। ছবি: রয়টার্স

দুই গোলদাতা হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। ছবি: রয়টার্স

প্রথমার্ধের সাদামাটা ইংল্যান্ড বিরতির পর মেলে ধরতে পারল নিজেদের। গোল করলেন ও করালেন জুড বেলিংহ্যাম। গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেইন। পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হলো ইংল্যান্ড।

নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের সেরা হলো ইংল্যান্ড। তিন ম্যাচেই হেরে অভিযান শেষ হলো পানামার।

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে, ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে ক্রোয়েশিয়া। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঘানা, তারাও পরের ধাপে পৌঁছেছে সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে।

প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তাদের আট শটের চারটি লক্ষ্যে ছিল, দুটি সফল।

দুই উইংয়ে মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকাকে বেশ ক্ষিপ্র দেখা যায়। অষ্টম মিনিটে বাঁ দিকের বক্সের বাইরে একজনকে কাটিয়ে জোরাল নিচু শট নেন রাশফোর্ড। ঝাঁপিয়ে ঠেকান পানামা গোলরক্ষক। পঞ্চদশ মিনিটে সাকার প্রচেষ্টাও রুখে দেন তিনি। বিরতির আগে রাশফোর্ডের একটি ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধে পানামা পাল্টা আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে হানা দেয় কয়েকবার। ২৬তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন হোসে লুইস রদ্রিগেস। দারুণ দক্ষতায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে জাল অক্ষত রাখেন জর্ডান পিকফোর্ড।

৬২তম মিনিটে ‘ডেডলক’ ভাঙতে পারে ইংল্যান্ড। সাকার কর্নারে কাছ থেকে ভলিতে দলকে এগিয়ে নেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার বেলিংহ্যাম।

ইংল্যান্ডের হয়ে ৫১ ম্যাচে বেলিংহ্যামের গোল হলো আটটি, যার পাঁচটি বড় টুর্নামেন্টে (বিশ্বকাপে তিনটি, ইউরোয় দুটি)।

চলতি আসরে তার দ্বিতীয় গোল এটি।

৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বেলিংহ্যাম। বাঁ দিকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে তিনি ক্রস দেন বক্সে, আর হেডে জালে পাঠান কেইন।

ইংল্যান্ডের সফলতম গোলস্কোরারের বিশ্বকাপে গোল হলো ১১টি, সাবেক স্ট্রাইকার লিনেকারের আছে ১০টি।

এবারের আসরে কেইনের গোল হলো তিনটি।

শেষ দিকে দুই গোলদাতাকেই তুলে নেন ইংল্যান্ড কোচ। ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রাশফোর্ড।

ইংল্যান্ডের শেষ বত্রিশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]