শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার ১২ জুন ২০২৬
 
দক্ষিণ এশিয়া
তৃণমূল মিশে যাওয়ার খবর গুজব, বলল কংগ্রেস





পালাবদল ডেস্ক
Friday, 12 June, 2026
2:04 PM
 @palabadalnet

 সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জি। ছবি: সংগৃহীত

সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জি। ছবি: সংগৃহীত

ভারতের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনাকে ‘সম্পূর্ণ গুজব’ বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতৃবৃন্দ। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে এ কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই ঘটনা সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে। প্রদেশ নেতৃত্বও একেকজন একেক সুরে কথা বলছিলেন। 

বৃহস্পতিবার দেশের সব রাজ্যের  সভাপতি ও পর্যবেক্ষক ও কংগ্রেসের সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 

‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকের পর মমতা ব্যানার্জির সঙ্গে সোনিয়া এবং রাহুলের সঙ্গে অভিষেকের বেশ কিছুক্ষণ কথা হয়। বুধবার সংবাদমাধ্যমের একাংশ প্রচার করতে শুরু করে যে কংগ্রেসের সঙ্গে দল নিয়ে মিশে যেতে চাইছেন মমতা। তৃণমূলের নিজের অংশকে নিয়ে কংগ্রেসে মিশে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে চাইছেন।

বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষস্তরের বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় মমতা ব্যানার্জি কংগ্রেসের যোগদান সম্পর্কে একটি খবর শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কিছু বলবেন? প্রশ্নের উত্তরে বেণুগোপাল বলেন, ‘“কিভাবে এই গুজবের উত্তর দেব আমরা। এটা সম্পূর্ণ গুজব।” তিনি বলেন, “গতকালই আমাদের প্রচার সচিব এই প্রশ্নের উত্তর দিয়েছেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।”

বেণুগোপাল বলেন, “মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি দেখা করেছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে। এটা স্বাভাবিক আলোচনা। ‘ইন্ডিয়া’ মঞ্চ নিয়ে আমরা সবাই ঐক্য চাইছি। অগণতান্ত্রিক বিজেপি সরকারের বিরুদ্ধে সবাই লড়াই জোরদার করছি। আমরা সবাই একসঙ্গে লড়াই করব, তার জন্যই আলোচনা হয়েছে। 

জয়রাম রমেশ বলেন, “এই ধরনের গুজব সংবাদ মাধ্যম প্রচার করে। সংবাদমাধ্যমই এই ধরনের গুজব খুঁজে বের করে। সেই গুজব নিয়ে প্রশ্ন আমাদের করছেন। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির পরিচয় দীর্ঘদিনের। সেই সূত্রে তারা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন।”
 
কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে তাই তৃণমূলের বিরোধিতা করেছি তৃণমূলের সঙ্গে আমার কোন ব্যক্তিগত বিরোধ নেই। আমি আমার পার্টিকে রক্ষা করেছি। এটাই আমার রাজনৈতিক ধর্ম। মমতা ব্যানার্জি হেরেছেন বলে দু’বেলা কংগ্রেসের সঙ্গে দেখা করছেন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]