মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
কানের ভেতর ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার





পটুয়াখালী প্রতিনিধি
Saturday, 25 April, 2026
4:25 PM
 @palabadalnet

কান থেকে ইয়াবা ট্যাবলেট বের করতে অস্ত্রোপচারের আশ্রয় নেন চিকিৎসক। ছবি: সংগৃহীত

কান থেকে ইয়াবা ট্যাবলেট বের করতে অস্ত্রোপচারের আশ্রয় নেন চিকিৎসক। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: কানের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবা। অবশেষে ৯ দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে কান থেকে দুটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। 

গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে এই অস্ত্রোপচার করা হয়। নাক-কান-গলা বিশেষজ্ঞ অস্ত্রোপচার করে কান থেকে ট্যাবলেট দুটি বের করেন।

অভিযুক্ত যুবকের নাম নিরব ইসলাম (১৯)। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল পরিবারের সদস্যরা নিরবকে পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ভর্তির পর থেকেই নিরব তার কানে তীব্র ব্যথার কথা বলতে থাকেন। নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ তাকে চিকিৎসকের কাছে পাঠায়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপচারের সময় তার কানের ভেতর থেকে দুটি গোলাপি রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, পরিবারের সদস্যরা তাকে কেন্দ্রে ভর্তি করার পর তিনি কানে ব্যথার কথা জানান। দ্রুত চিকিৎসকের কাছে পাঠানো হলে অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরও জানান, এর আগে নিরবকে সংশোধনের জন্য চার মাস জেলা কারাগারের ‘সেফ কাস্টডি’তে রাখা হয়েছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ তাকে আগে কয়েকবার গ্রেফতারও করেছিল।

পালাবদল/এসএ

 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]