
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আজ শনিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে পুলিশ আটক করেছেছবি: এএনআই
দিল্লিজুড়ে প্রায় আট হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, চারজন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়ন রয়েছেন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর পুলিশ তাকে আটক করে। তাকে আটক করার দিনে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাদের পৈতৃক গ্রামে তার দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। দাদির বয়স হয়েছিল ৮৫ বছর।
দিপকের দাদির মৃত্যুর খবর পেয়ে তার বাবা ভগবান এবং মা অনিতা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দিপকেকে মুক্তি দেওয়া হবে কি না বা শেষকৃত্যের জন্য মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, কিংবা তাকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে কি না-সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আজ সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পরই বিমানের ভেতর থেকে দিপকেকে আটক করে পুলিশ। তিনি সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে মুম্বাই থেকে দিল্লি এসেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে।
মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকা সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার সমস্ত রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। অনেক রাস্তায় কাঁটাও বিছিয়ে দেওয়া হয়েছে। কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কেউ স্লোগান তুললেই তাকে আটক করে বাসে তুলে দেওয়া হচ্ছে। যন্তর মন্তর থেকে চার কিলোমিটার দূরেও বহু গাড়ি আটকে দেওয়া হচ্ছে। শুধু আন্দোলনকারীরাই নন, অনেক জায়গায় সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। যন্তর মন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্য দিল্লির সমস্ত দোকানপাট বন্ধ।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, দিল্লির লোধি এস্টেটে নিজ বাড়ির সামনে থেকে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আটক করা হয়েছে।
এ নিয়ে সাবেক চার মুখ্যমন্ত্রীকে আটক করা হলো। এর আগে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে যশস্বিনী রাজে সিংকে আটক করেছে পুলিশ।
অভিজিৎ দিপকের নেতৃত্বে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) এ বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরো দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করতে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের ৪০ হাজারের বেশি সদস্য। বসানো হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগ এনে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে এ আন্দোলন চলছে।
আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যশস্বিনী রাজে সিং লিখেছেন, “পার্কে বসে থাকার কারণে বাংলা সাহিবের কাছ থেকে আটক করা হয়েছে। বর্তমানে কেশব পুরম থানায় রাখা হয়েছে।”
যশস্বিনী উত্তর প্রদেশের ফতেহপুর সদর আসনের প্রভাবশালী বিজেপি নেতা ও সাবেক বিধায়ক বিক্রম সিংহের মেয়ে।
এর আগে, প্রশ্ন ফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জুন-জুলাই মাসে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বেশ আলোচনায় আসেন যশস্বিনী। সে সময় সিজেপির প্রচারকে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিলেন তিনি।
পালাবদল/এসএ