
সংগৃহীত ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর মধ্যে যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০০ জনের বেশি মানুষকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিক্ষোভকারীরা যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে বাসে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যায় পুলিশ।
এই বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে। এ সময় ভারতের সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করেছে পুলিশ। তারা প্রধান নির্বাচন কমিশনারবিরোধী বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথে লোকজনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কঠোর ব্যারিকেড দেওয়া সড়ক দিয়ে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে একটি বাসকে যেতে দেখা যায়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠন এ বিক্ষোভের ডাক দিয়েছে।
বিক্ষোভের অনুমতি না দেওয়ায় যন্তর মন্তর ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং রাজধানীগামী বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।
এর আগে দিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে আটক করা হয়। ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
সিজেপি জানিয়েছে, দলের নেতারা আটক হলেও বিক্ষোভ চলবে। আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণ ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিক্ষোভের নেতৃত্বে অজিঙ্কা শিন্দে
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্দে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মুখপাত্র সৌরভ দাস ও সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা আটক থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, “অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকা পর্যন্ত সিজেপির সংগঠনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত অজিঙ্কা শিন্দে যন্তর মন্তরের এই বিক্ষোভে নেতৃত্ব দেবেন।”
দলটি আরও জানায়, সম্ভাব্য আটকের আশঙ্কায় অজিঙ্কা শিন্দে আগের রাতেই একটি ভিডিও ধারণ করে রেখেছিলেন।
পালাবদল/এসএ