সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
 
স্পোর্টস
মেসির রেকর্ড ছুঁলেন ইয়ামাল





স্পোর্টস ডেস্ক
Sunday, 13 September, 2026
11:54 PM
 @palabadalnet

 ছবি: এক্স/ফেসবুক

ছবি: এক্স/ফেসবুক

শেষদিকে বার্সেলোনার মুঠো থেকে ম্যাচ বের করে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার আভাস দিল লেভান্তে। তবে জমজমাট লড়াইয়ে সেই প্রচেষ্টা বিফল করে রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ল কাতালানরা। লা লিগায় তাদের অপ্রতিরোধ্য যাত্রায় অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি রেকর্ডও ছুঁলেন লামিন ইয়ামাল।

কোচ হান্সি ফ্লিকের বার্সার জয়রথ চলছে। রোববার রাতে লেভান্তের মাঠে তারা জিতেছে ৪-২ গোলে। লা লিগায় এটি তাদের টানা পঞ্চম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ছয় ম্যাচ খেলে সবকটিতে জিতল তারা। গোল করল মোট ২৬টি।

বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলে স্প্যানিশ ডিফেন্ডার জাভি এস্পার্ত (প্রথমার্ধের পঞ্চম মিনিটে) সফরকারীদের এগিয়ে দেওয়ার পর জোড়া গোল করেন তার স্বদেশি তারকা উইঙ্গার ইয়ামাল (১৯তম ও ৪৮তম মিনিটে)। দ্বিতীয়টি আসে পেনাল্টি থেকে। তখন মনে হচ্ছিল, অনায়াস জয়ই পেতে যাচ্ছে ফ্লিকের শিষ্যরা।

তবে বার্সার ভুলের সুযোগ নিয়ে লেভান্তের আইভান রোমেরো (৭৯তম মিনিটে) ও রজার ব্রুগেই (৮৮তম মিনিটে) ব্যবধান কমিয়ে জমিয়ে তোলেন খেলা। তবে জার্মান উইঙ্গার করিম আদেইয়েমি (দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে) জাল খুঁজে নিলে স্বস্তি মেলে লা লিগার শিরোপাধারীদের। দুটি অ্যাসিস্ট করে জয়ে অবদান রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামাল লা লিগায় টানা তিন ম্যাচে জোড়া গোল পেলেন। আগের দুই প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়া ও রায়ো ভায়েকানো। একবিংশ শতাব্দীতে লা লিগায় কোনো দলের মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জোড়া গোল করা দ্বিতীয় ফুটবলার ইয়ামাল। এতদিন এই রেকর্ড ছিল কেবল বার্সারই সাবেক ফরোয়ার্ড মেসির (২০১২-১৩ মৌসুমে)।

ইয়ামালের মতোই ছন্দ দেখিয়ে চলা রাফিনিয়ার এখন পর্যন্ত লা লিগায় গোলে অবদান নয়টি (ছয়টি গোল ও অ্যাসিস্ট তিনটি)। অল্পের জন্য মেসির অন্য একটি রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি। কাতালানদের হয়ে কোনো মৌসুমের লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে তার চেয়ে বেশি গোলে অবদান আছে শুধু লা পুল্গারই (২০১৭-১৮ মৌসুমে, ১০ গোল)।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রাখল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। লেভান্তে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে।

পালাবদল/এমএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]