
বৃষ্টিভরা দিনে বিয়ে সারলেন আমির ও গৌরী। ছবি: সংগৃহীত
বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনাকল্পনার শেষ ছিল না। গত বছরের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে খুবই স্থিতিশীল ও সুখী। বিয়ের বিষয়ে তখন নিশ্চিত কিছু না বললেও কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। অবশেষে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট।
শনিবার থেকেই সেজে উঠছিল আমিরের বান্দ্রার বাড়ি। রোববার সকাল থেকে সেখানে এক এক করে জড়ো হতে থাকেন অতিথিরা। মুম্বাইয়ের বৃষ্টি উপেক্ষা করেই ঘনিষ্ঠেরা আসেন বিয়ের আসরে। মুম্বাইয়ের রাস্তাঘাট জলমগ্ন। তার মধ্যেও বিয়েতে উপস্থিত ১৫০ জন অতিথি। এই তালিকায় আমিরের আগের দুই পক্ষের তিন সন্তান ও গৌরীর এক পুত্রসন্তান রয়েছেন বলে প্রথম থেকেই শোনা গিয়েছে। সেই সঙ্গে রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। বলিউড থেকেও আমিরের ঘনিষ্ঠদের আসতে দেখা যায় এই দিন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্য দিকে, গৌরী পরেছেন বেজ রঙের ফুলহাতা পোশাক আর সেই সঙ্গে মানানসই ভারী গয়না। আমিরের এক পাশে তার পুত্র আজাদকেও দেখা যাচ্ছে।
বৃষ্টির মধ্যেই বান্দ্রায় আমিরের বাড়ি সাজানো হয় নানা রকম আলো ও ফুল দিয়ে। বর্ষাতি পরে কর্মীদের বাড়ি সাজাতে দেখা গিয়েছে শনিবার থেকেই। সেই দিনই আমিরের বোনও বান্দ্রার বাড়িতে চলে আসেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গৌরীর সঙ্গে আমিরের দীর্ঘ ২৫ বছরের পরিচয়। কিন্তু গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। শোনা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে এই সম্পর্কের শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই প্রশ্ন উঠছিল, কবে বিয়ে করবেন তিনি। প্রথমটায় আমির জানিয়েছিলেন, বিয়ে নিয়ে তিনি ভাবেননি। তবে অবশেষে সিদ্ধান্ত নিয়ে গৌরীকে বিয়ে করলেন তিনি।
গৌরী আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে আমির খান প্রোডাকশনস। প্রতিষ্ঠানের নানা পরিকল্পনা ও প্রশাসনিক কাজে গৌরী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান-জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা।
এরপর ২০০৪ সালে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় ছেলে আজাদ। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।
শুধু তাই নয়, কিরণ রাও এখনো আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’-ও যৌথভাবে প্রযোজনা করেছে কিরণের প্রতিষ্ঠান ও আমির খান প্রোডাকশনস। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কাজেও একসঙ্গে যুক্ত রয়েছেন আমির, কিরণ ও রীনা।
পালাবদল/এসএ