
লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশী। ছবি: সংগৃহীত
চেক ডিজঅনার (চেকের বিপরীতে পর্যাপ্ত অর্থ জমা না থাকা) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হেলাল উদ্দিন বলেন, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সেই পরোয়ানামূলে গতকাল সোমবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ মুজিব পরদেশীকে গ্রেফতার করে। মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে তিনি দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
পালাবদল/এসএ