
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি
আগামীকাল বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচন দেশের জন্য একটি ‘বিশেষ ও ঐতিহাসিক ঘটনা’ এবং পুরো বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ নির্বাচনকে ‘অত্যন্ত হাইপ্রোফাইলের নির্বাচন’ হিসেবে উল্লেখ করে সিইসি জানান, নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার ভোট দেবেন।
রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজ কার্যালয়ে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, 'পুরো জাতি এবং বিশ্ববাসী জানে যে আমাদের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল প্রথম হয়েছিল ১৯৯১ সালে।”
সিইসি বলেন, “আমাদের লোকজন অভ্যস্ত না রাষ্ট্রপতি নির্বাচনে। সংসদ সচিবালয় এখানে গভীরভাবে যুক্ত থাকেন। তারাও এ ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। তারপরও আমরা যত রকমের এক্সারসাইজ সম্ভব ও দরকার করেছি।”
আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ৩৪৯ সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
ভোটের ফল প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন জানান, “বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। ভোটের পর তখনই গণনা হবে। পরে ফল ঘোষণা করব।”
ইসির ২০ কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন জানিয়ে তিনি বলেন, 'আমরা পার্লামেন্ট সেক্রেটারির সহায়তা নেব। তাদের (সংসদ সচিবালয়) সহযোগিতা না পেলে আমাদের জন্য এটি কঠিন হতো।”
এ নির্বাচনের ভোটদানের শুরু ও গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সিইসি বলেন, “এটা লাইভ টেলিকাস্ট হবে। প্রথম দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ভোটদান লাইভ টেলিকাস্ট হবে। যখন ভোট চলতে থাকবে তখন হয়তো করবে না। পরে আবার যখন গণনা শুরু হবে তখন আবার লাইভ টেলিকাস্ট করা হবে।”
ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন জানিয়ে সিইসি বলেন, “ভোটাররা গণনার সময় থাকতে পারবেন। এটা খুবই স্বচ্ছ পদ্ধতি। এখানে কারও কোনো আপত্তি থাকার কথা নয়।”
“ভোট কাউন্টিং শেষে কতটি ব্যালট প্রিন্ট হলো, ব্যবহার হলো, অবশিষ্ট ব্যালটের সংখ্যা, বাতিল ব্যালটসহ সব তথ্য বিস্তারিত জানানো হবে। এরপর যিনি মেজরিটি ভোট পাবেন, তার নাম আমি ঘোষণা করে দেবো। এর গেজেট প্রকাশ করা হবে সেদিনই,” বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।
তিনি বলেনে, “বিশ্ববাসী এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের গণঅভ্যুত্থানের পর একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, তা নিয়ে সবার একটা আগ্রহ আছে।”
কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন তা দেখতে পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এটা ওপেন। প্রার্থীর নামের পাশে ব্যালটে ভোটারের নাম থাকবে। আমি যখন ব্যালট পাব, গণনা করব, দেখব কে কাকে ভোট দিয়েছে। সাধারণ কে কাকে ভোট দিল দেখা যায় না।”
একদলের এমপি প্রার্থী অন্য দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন কি না, কীভাবে জানবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “যদি এ ধরনের সিচুয়েশন হয়, তখন আমি দেখব।”
নির্বাচনী ব্যয় প্রসঙ্গে সিইসি বলেন, “তেমন কোনো ব্যয় দেখি না। একদিনের বৈঠকের জন্য ইলেকট্রিসিটি বা এয়ারকন্ডিশন বিল এগুলো সংসদ সচিবালয় দেখবে। কিছু ব্যালট ছাপানো, কিছু কাগজপত্র ছাড়া আমাদের কোনো অতিরিক্ত খরচ নেই।”
পালাবদল/এসএ