রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রবিবার ৫ জুলাই ২০২৬
 
মিডিয়া
প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই





নিজস্ব প্রতিবেদক
Sunday, 5 July, 2026
1:58 AM
 @palabadalnet

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল। ছবি: সংগৃহীত

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং সাংবাদিক শাহেদ কামাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শাহেদ কামালের সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল সকালে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল। ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত শাহেদ কামাল দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বার্তা সম্পাদক ছিলেন। পাশাপাশি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাতে শাহেদ কামালের মরদেহ হাসপাতাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কবি সুফিয়া কামালের বাসভবন ‘সাঁঝের মায়া’য় নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হবে তার। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]