
ছবি: রয়টার্স
আগামীকাল বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিসৌরির কানসাস সিটি স্টেডিয়ামে 'জে' গ্রুপের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।
এই ম্যাচের আগে দুই দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড হাতছানি দিচ্ছে।
* এই ম্যাচ দিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকা ইতোমধ্যে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলেছেন। এছাড়া, আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
* বিশ্বকাপের মঞ্চে এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার প্রথম দেখা। এর আগে দুই দল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। ২০০৭ সালের জুনে বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা, যেখানে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম জোড়া গোল পেয়েছিলেন মেসি।
* নিজেদের উদ্বোধনী ম্যাচে যে কোনো বড় অঘটন এড়াতে আত্মবিশ্বাসী থাকবে আলবিসেলেস্তেরা। কারণ গত ১৪টি বিশ্বকাপের ১৩টিতেই প্রথম পর্ব পার করেছে তারা। কেবল ২০০২ বিশ্বকাপে এর ব্যতিক্রম ঘটেছিল।
* আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড বেশ দারুণ। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারার পর বিশ্বমঞ্চে আফ্রিকান দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ছয়টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা, যার মধ্যে পাঁচটিই ছিল নাইজেরিয়ার বিপক্ষে। ১৯৯০ সালের সেই ম্যাচটি ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ উদ্বোধনী ম্যাচ, যেখানে তারা কোনো গোল করতে পারেনি।
* অন্যদিকে, নিজেদের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা আলজেরিয়া তাকিয়ে থাকবে মোহাম্মদ আমুরার দিকে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। বাছাইপর্বে আলজেরিয়ার করা ২৪টি গোলের ৫৮ শতাংশেই সরাসরি অবদান ছিল তার, যেখানে গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও রয়েছে এই স্ট্রাইকারের।
* তবে বিশ্বকাপে আলজেরিয়ার অতীত রেকর্ড খুব একটা সুবিধার নয়। বিশ্বমঞ্চে নিজেদের শেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-২ গোলের সেই জয়ের বাইরে তাদের বাকি দুটি জয় এসেছিল ১৯৮২ সালে।
* অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ ছন্দে রয়েছে আলজেরিয়া। গত মার্চে গুয়াতেমালাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া এবং উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করার পর, চলতি মাসের শুরুতে তারা হারিয়েছে শক্তিশালী নেদারল্যান্ডস ও বলিভিয়াকে। আর নিজেদের শেষ ছয় ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র দুটি।
পালাবদল/এসএ