মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
রাজনীতি
সংসদ কক্ষে ঢোকার সময় মাথা ঝোঁকানো নিয়ে জামায়াত এমপির আপত্তি





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 June, 2026
5:56 PM
 @palabadalnet

সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। ছবি: সংসদ টিভির ভিডিও থেকে

সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। ছবি: সংসদ টিভির ভিডিও থেকে

ঢাকা: জাতীয় সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান প্রদর্শনার্থে ‘মাথা ঝোঁকানো’ নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে আপত্তি তুলে ধরেন।

সাধারণত সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান দেখাতে অনেকে মাথা ঝোঁকান (বো করেন)। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে হাউজ ও সভাপতিকে সম্মান দেখানো হয়।

আজ বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা বলা ছিল। এরপর এটি নিয়ে আলোচনা–পর্যালোচনা করে সংশোধনী আনা হয়। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটি শিরকের কাছে চলে যায়। সে জন্য এটা বাদ দেওয়া হয়েছে।

স্পিকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য আরও বলেন, “আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা..এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।”

কার্যপ্রণালি বিধিতে ‘শিরককে উৎখাত’ করার জন্য যে বিধি করা হয়েছে, সেটা সবার মেনে চলা উচিত-মন্তব্য করে জামায়াতে ইসলামীর এই সদস্য আরও বলেন, “এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল-কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।”

মুজিবুর রহমানের এই আপত্তির বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে। তা-ও তিনি দেখবেন বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]