
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার। ছবি: সংগৃহীত
আজকের দিনের ‘২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার’ সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
সিএনএন জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৮০ সালে তিনি কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) চালু করেন, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টিভি চ্যানেল (যেখানে দিন-রাত ২৪ ঘণ্টাই মূলত খবর ও সংবাদ সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করা হয়)।
খুব অল্প সময়ের মধ্যেই এই চ্যানেল সংবাদমাধ্যম জগতের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, “টেড ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল নেতা -যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “তিনি ছিলেন এবং সবসময় সিএনএন-এর চালিকাশক্তি হয়ে থাকবেন। আজ আমরা তার গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি। আজ আমরা সবাই তাকে এবং আমাদের জীবন ও বিশ্বের ওপর তার প্রভাবকে স্মরণ করবো।”
শুরুর দিকে সিএনএন নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র স্পেস শাটল 'চ্যালেঞ্জার' বিস্ফোরণের মতো ঘটনায় দ্রুত ও টানা সম্প্রচারের মাধ্যমে সংবাদমাধ্যমটি নিজেদের সক্ষমতা প্রমাণ করে।
এরপর ১৯৯০-১৯৯১ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধারাবাহিক লাইভ আপডেটের মাধ্যমে সিএনএন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়ে ওঠে।
পালাবদল/এসএ