
সংগৃহীত ছবি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি পানির ৮০ ফুট নিচে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পানির ৮০ ফুট নিচে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বেগ পেতে হচ্ছে।’
‘বাসের সব জানালা বন্ধ থাকায় কতজন আটকে আছেন তা বোঝা যাচ্ছে না,’ বলেন তিনি।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার পর দুইজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে উঠে আসতে সক্ষম হন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
পালাবদল/এসএ