সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
 
রাজনীতি
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর





নিজস্ব প্রতিবেদক
Monday, 12 October, 2026
2:17 PM
Update: 12.10.2026
2:19:56 PM
 @palabadalnet

জি এম কাদেরের বাসায় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জি এম কাদেরের বাসায় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জি এম কাদের ও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যান। তারা নানা স্লোগান দেন। পরে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি।

ঘটনার পর জি এম কাদের বলেন, তিনি সকালের নাশতা সেরে বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ দেখেন, বাসার বাইরে হইচই হচ্ছে। তার নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। এক থেকে দেড় শ লোক ছিল বলে মনে হয়েছে তার। এরপর লোকজন তার বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাসার জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি। থানায় ফোন দিলে পুলিশ আসে। এর মধ্যে হামলাকারীরা চলে যান। পুলিশ এখনো বাসার সামনে অবস্থান করছে।

হঠাৎ করে কেন এই হামলা হলো, তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন জি এম কাদের।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।

হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]