শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
 
স্পোর্টস
২০২৭ বিশ্বকাপই শেষ, কোহলি বিদায় নিতে চান শিরোপা জিতেই





স্পোর্টস ডেস্ক
Saturday, 26 September, 2026
8:51 PM
 @palabadalnet

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের জার্সিতে তার শেষ বিশ্বকাপ। আর দলকে শিরোপা জেতাতে নিজের সবকিছু উজাড় করে দিতে বদ্ধপরিকর তিনি। শনিবার এমনটাই নিশ্চিত করেছেন ৩৮ বছর ছুঁইছুঁই তারকা বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন কোহলি। বর্তমানে শুধু ৫০ ওভারের সংস্করণেই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ৫৪টি সেঞ্চুরির মালিক এই ডানহাতি ব্যাটার।

কোহলি ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৪১ রান করেছেন। এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকারের (১৮।” হাজার ৪২৬ রান) পরই তার অবস্থান।

২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কোহলি। খেলেছেন ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালেও, যেখানে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।

আগামী ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এটি হতে যাচ্ছে কোহলির ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।

ভারতীয় চ্যানেল জিও স্টারকে কোহলি বলেছেন, “ভারতের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়াটাই আমার অনুপ্রেরণা। আর অবশ্যই মূল লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা প্রয়োজন, আমি পুরোপুরি প্রস্তুত।”

৫০ ওভারের বিশ্বকাপ খেলাকে অন্যতম কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন কোহলি। বিশেষ করে, আগামী টুর্নামেন্টটি ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ায় চ্যালেঞ্জটা আরও বেশি, “৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা যেকোনো কিছুর চেয়ে বেশি। এক দিনে আপনাকে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলতে হয়। একটি বড় টুর্নামেন্ট এবং বিশ্বকাপে টানা ১০টি ম্যাচে সেই তীব্রতা ধরে রাখা অনেক বড় ব্যাপার। তার ওপর এবার খেলা হবে বিদেশি কন্ডিশনে। এতে অনেক বেশি পরিশ্রম করতে হয়।”

ভারতের আরেক অভিজ্ঞ তারকা রোহিত শর্মাও এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছেন। তিনিও আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে বেশ রোমাঞ্চিত, “আমার কাজ শেষ হয়ে গেছে, এমন ভাবনা কখনো আমার মাথায় আসবে না। যত দিন খেলছি, তত দিনই সামনে তাকানোর মতো কিছু না কিছু থাকে। আর আমি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছেন কোহলি ও রোহিত দুজনই। আগামীকাল রোববার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]