সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
 
সারাবাংলা
সাভারে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬, আহত ২০





সাভার প্রতিনিধি
Monday, 21 September, 2026
11:56 AM
Update: 21.09.2026
11:59:23 AM
 @palabadalnet

বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি:সংগৃহীত

বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি:সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও পাঁচ-ছয়টি গাড়িতে আগুন ধরে যায়।

রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী। অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এরপর আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন আশপাশে থাকা আরও পাঁচ-ছয়টি গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

নিহত ওই নারী ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরের একটি টেইলার্সের দোকানে ছিলেন। মেয়ে সানজিদা আক্তার জানান, তার বাড়িতে বেড়াতে এসেছিলেন জয়নব। সানজিদা টেইলার্সে কাজ করেন। ওই টেইলার্সের দোকানের ভেতরেই দাঁড়িয়ে ছিলেন তার মা। বাকি পাঁচজনের মরদেহ কাভার্ড ভ্যান থেকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় ওই দোকানের টিনের ছাদ ভেদ করে সিলিন্ডার জয়নবের মাথায় আঘাত করলে তিনি মারা যান। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন আহত হন।

রাত আটটার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, কারখানায় ব্যবহারের জন্য আনা গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় আগুন ধরে যায়। পরে আশপাশে অন্তত পাঁচটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, বিস্ফোরণে কারখানার জানালার কাচ ভেঙে গেছে।

রাত পৌনে ৯টার দিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণে আহত ২৬ জনকে ইতিমধ্যে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে অধিকাংশই কারখানাটির আশপাশের সবজি বিক্রেতা, পথচারী বলে শুনেছেন। কারখানার কেউ আছেন কি না, সেটি এখনো জানা সম্ভব হয়নি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার (স্থানান্তর) করা হয়েছে। তারা অনেক বেশি দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট একসঙ্গে পাঠানো হয়। ৭টা ১০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা পাঁচ থেকে ছয়টি গাড়িতে আগুন জ্বলতে দেখতে পায়। পরে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাভার্ড ভ্যানের ভেতরে এলপিজি সিলিন্ডার ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, “আগুন কোথা থেকে লেগেছে আর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাতে পারব।”

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক নারী সিলিন্ডারের আঘাতে নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি৷।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]