
লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলী। ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি না করায় খেলা বন্ধ করতে বেআইনিভাবে ১৪৪ ধারা জারির মাইকিং করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
রোববার বিকেলে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের নির্দেশে সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম কারণ দর্শানোর চিঠি পাঠান।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলী। কিন্তু রীতি অনুসারে ওই অনুষ্ঠানে অতিথি করা হয় গ্রামের প্রবীণ ব্যক্তিদের। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রদল নেতা শুক্রবার সকালে মাইক ভাড়া করে বেআইনিভাবে খেলার মাঠে ১৪৪ ধারা জারির মাইকিং করান। মাইকিং শুনে গ্রামের লোকজন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেন।
পরের দিন খোঁজ নিয়ে তারা জানতে পারেন, প্রকৃতপক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কোনো নির্বাহী মাজিস্ট্রেট ওই মাইকিং করাননি। ছাত্রদল নেতা মারুফ আলী কৌশল করে মাইকিং করিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হলে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসে। এর ফলে জেলা ছাত্রদল তাকে ২৪ আগস্টের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে হাজির হয়ে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেন।
অভিযোগের বিষয়ে মারুফ আলী এ ব্যাপারে সংগঠনের কাছে ব্যাখ্যা দেওয়ার আগে গণমাধ্যমকে কিছু বলবেন না বলে জানিয়েছেন।
জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ পাঠানোর কথা নিশ্চিত করে বলেন, লালপুরের ছাত্রদল নেতা মারুফ আলীর কর্মকাণ্ডে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবারের মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।
পালাবদল/এসএ