বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
 
জাতীয়
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস কাতারের





নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
12:20 AM
 @palabadalnet

বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কাতার সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই আশ্বাস দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমান গত মঙ্গলবার সকালে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তাঁর মতে, কাতারের এ ভূমিকা বৃহত্তর অঞ্চলসহ এর বাইরেও গুরুত্বপূর্ণ।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সফরের প্রথম দিনে তিনি কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুওয়ারির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন এবং বৈঠকে বিনিয়োগ, ব্যাংকিং ও অন্যান্য খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এরপর তিনি কাতার এনার্জির সদর দপ্তরে জ্বালানিবিষয়ক মন্ত্রী সাদ শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি সহযোগিতা, বিশেষত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সন্ধ্যায় তিনি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি এবং শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মার্রির সঙ্গেও বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর কাতার সফর করছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]