শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার ১০ জুলাই ২০২৬
 
স্পোর্টস
অপ্রতিরোধ্য ফ্রান্স, পেনাল্টি নষ্ট করেও নায়ক সেই এমবাপেই





স্পোর্টস ডেস্ক
Friday, 10 July, 2026
7:22 AM
 @palabadalnet

গোলের পর এমবাপের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

গোলের পর এমবাপের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

কে আটকাবে এই ফ্রান্সকে? বৃহস্পতিবার রাতের ম্যাচের পর এই প্রশ্ন উঠতেই পারে। যেভাবে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল তারা, তাতে এই দলকে আটকানো বেশ মুশকিলের কাজ হতে চলেছে। অঘটন না হলে, আবার বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে ফ্রান্স। তার জন্য অবশ্য সেমিফাইনালে স্পেনের মতো কঠিন বাধা পেরোতে হতে পারে। সেই বাধা টপকে গেলে ফ্রান্সকে ট্রফি জয় থেকে আটকানো মুশকিল। বিশ্বকাপে টানা তিন বার ফাইনালে ওঠার নজির রয়েছে পূর্বতন পশ্চিম জার্মানি এবং ব্রাজ়িলের। ১৯৯২-২০০২, টানা তিন বার ফাইনালে উঠেছিল ব্রাজিল। ট্রফি জিতেছিল দু’বার। পশ্চিম জার্মানি ১৯৮২-১৯৯০ ফাইনাল খেলেছিল। ট্রফি জিতেছিল একবার।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। সে বার জিতেছিল ২-০ গোলে। এ বারও ম্যাচের ফল ঠিক তাই। তবে গত বার যে দু’জন গোল করেছিলেন, তারা স্কোরশিটে নেই। প্রথম জন, লুকাস হের্নান্দেজ ছিলেন বেঞ্চে। আর রান্ডাল কোলো মুয়ানিকে তো বিশ্বকাপেই নেওয়া হয়নি। কিন্তু যে দলে কিলিয়ান এমবাপের মতো ফুটবলার রয়েছেন তাদের আর চিন্তা কী! এ দিন পেনাল্টি নষ্ট করলেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে যে গোলটি করলেন তা অনেক দিন মনে রাখার মতো।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর মনে হচ্ছিল, দিনটা বুঝি কিলিয়ান এমবাপের নয়। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা আবারও দেখালেন, একটি ভুল তাকে থামিয়ে রাখতে পারে না। দুর্দান্ত প্রত্যাবর্তনে গোল করে এগিয়ে দেন ফ্রান্সকে। এরপর করালেন আরও একটি। তার নৈপুণ্যেই মরক্কোর টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স।

বোস্টনের স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। ফ্রান্সের জয়ে একটি গোল করেন এমবাপে, অন্য গোলটি আসে উসমান দেম্বেলের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো একের পর এক দুর্দান্ত সেভে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। তবে প্রথমার্ধেই নুসাইর মাজরাউইয়ের ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স। মাইকেল অলিসের নিখুঁত পাস ধরে গতি বাড়িয়ে বক্সে ঢুকতেই ফাউলের শিকার হন এমবাপে। তবে স্পটকিক থেকে নিচু শট নিলে দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন বুনো।

শুধু পেনাল্টিই নয়, প্রথমার্ধে আরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। দেজিরে দুয়ের শট ঠেকান বুনু, লুকা দিঁনের চিপ ক্রসবারে লেগে ফিরে আসে। বলের দখলেও সামান্য এগিয়ে ছিল মরক্কো (৫০.৯ শতাংশ), কিন্তু পুরো প্রথমার্ধে তারা একটি শটও নিতে পারেনি। ফ্রান্সই তৈরি করেছিল পাঁচটি পরিষ্কার গোলের সুযোগ।

বিরতির পর আর ভুল করেনি দিদিয়ের দেশমের দল। ৬০তম মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের ভেতরের অংশে নেওয়া এমবাপের অসাধারণ বাঁকানো শট জড়িয়ে যায় দূরের কোণে। বুনোর কোনো সুযোগই ছিল না বলটি ঠেকানোর।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল আটে। এতে গোল্ডেন বুটের লড়াইয়ে আর্জেন্টিনার লিওনেল মেসির সমান গোল করলেও বেশি অ্যাসিস্ট থাকায় শীর্ষে উঠে গেছেন ফরাসি অধিনায়ক।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার দৌড়ও জমে উঠেছে। ২৭ বছর বয়সী এমবাপ্পের বিশ্বকাপ গোল এখন ২০টি, আর ৩৯ বছর বয়সী মেসির ঝুলিতে রয়েছে রেকর্ড ২১ গোল।

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বর্তমান ব্যালন ডি'অরজয়ী দেম্বেলে। মরক্কোর রক্ষণভাগ ভেদ করে নিচু শটে গোল করেন তিনি। বুনো বল ছুঁতে পারলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি।

ফ্রান্সের আক্রমণে এদিন বিশেষভাবে নজর কেড়েছেন দেজিরে দুয়ে। তরুণ এই ফরোয়ার্ড ছিলেন সৃজনশীল, বারবার তৈরি করেছেন সুযোগ। অন্যদিকে বিশ্বকাপের অন্যতম আবিষ্কার ১৮ বছর বয়সী আইয়ুব বুয়াদ্দি ৬১ মিনিটে ক্লান্ত হয়ে মাঠ ছাড়েন। কোচের রক্ষণাত্মক কৌশলে অনেকটা সময় নিজের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি তিনি।

তবে ফরাসি শিবিরে শেষদিকে কিছুটা দুশ্চিন্তাও দেখা দেয়। ৭৬তম মিনিটে ডান গোড়ালিতে অস্বস্তি অনুভব করায় এমবাপেকে তুলে নেন দেশম। মরক্কোর ইসা দিয়োর শক্ত ট্যাকলের পর থেকেই খুঁড়িয়ে চলছিলেন তিনি। সেমিফাইনালের কথা মাথায় রেখেই হয়তো ঝুঁকি নিতে চাননি ফরাসি কোচ।

মরক্কো শেষদিকে কয়েকটি আক্রমণ গড়লেও তা থেকে গোল আদায় করতে পারেনি। এল আইনাউইয়ের হেড অল্পের জন্য বাইরে চলে যায়, আর উনাহির একটি প্রচেষ্টা রুখে দেন মাইক মেনিয়ান।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স সেমিফাইনালে আগামী মঙ্গলবার ডালাসে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]