রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রবিবার ৫ জুলাই ২০২৬
 
স্পোর্টস
কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো





স্পোর্টস ডেস্ক
Sunday, 5 July, 2026
1:46 AM
 @palabadalnet

মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক মিডফিল্ডার ওনাহি। ছবি: এএফপি

মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক মিডফিল্ডার ওনাহি। ছবি: এএফপি

প্রথমার্ধে কানাডার গোছানো ফুটবলের কাছে সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। আজেদিন ওনাহির জোড়া গোলে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো মরক্কো। 

এই জয়ের মাধ্যমে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনাল খেলার অনন্য নজির স্থাপন করলো মরক্কো। 

ফিফা র‍্যাংকিংয়ে সেরা দশে থাকা মরক্কো কাগজে-কলমে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। তবে প্রথমার্ধে ফেভারিট সুলভ খেলা খেলতে পারেনি তারা। বরং মাঠের পারফরম্যান্সে কানাডাই ছিলো এগিয়ে। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল কানাডার সামনে। কিন্তু তানি ওলুয়াসেয়ির জোরালো শট দারুণ দক্ষতায় ফেরান ইয়াসিন বোনো। 

শুরুর মিনিট বিশেক বলের দখলই না পাওয়া মরক্কো বড় ধাক্কা খায় ২২ মিনিটে। টুর্নামেন্টে গোলের সামনে দলটির সবচেয়ে বড় ভরসা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন। সাইবারির অনুপস্থিতিতে মরক্কোর আক্রমণ গতি হারায় আরও। কানাডার ডি-বক্সে মরক্কো প্রথম বল নিয়ে ঢুকতে পেরেছে ৪৪ তম মিনিটে! 

প্রথমার্ধ গোলের দেখা না মিললেও হলুদ কার্ডের কোনো কমতি ছিল না। পুরো ম্যাচে মোট আটবার কার্ড বের করতে হয়েছে রেফারি মাইকেল অলিভারকে। এর মধ্যে ৪০ মিনিট থেকে বিরতির বাঁশি বাজানো পর্যন্ত সময়ের মধ্যেই পাঁচটি হলুদ কার্ড দেখেছে দুই দল। 

তবে বিরতি থেকে ফিরেই মরক্কো যেন সম্পূর্ণ ভিন্ন রূপে। ৫০ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির শর্ট ফ্রি-কিকে বক্সের বাইরে বল পান ওনাহি। সেখান থেকে নিখুঁত নিচু শটে কানাডা গোলরক্ষককে পরাস্ত করে মরক্কোকে স্বস্তির গোল এনে দেন ওনাহি। গোলের পরপরই খেলার গতিপথ বদলে যায়। প্রথমার্ধে প্রায় বলই না পাওয়া মরক্কো খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। 

এই ম্যাচের আগে চার ম্যাচেই ৭৫ মিনিটের পরে গোলের দেখা পাওয়া কানাডা সমতায় ফেরার আশায় ছিল। তবে সেই আশা নষ্ট হয় ৮২ মিনিটে, সেই ওনাহির গোলেই। চোখের পলকে প্রতিআক্রমণে নিজেদের বক্স থেকে কানাডার বক্সে বল নিয়ে আসে মরক্কো। দুই ডিফেন্ডারের চাপ সামলে ব্রাহিম দিয়াজ বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো ওনাহিকে। অনেকটা আগের গোলের মতোই ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে কানাডার বিদায় প্রায় নিশ্চিত করে দেন ওনাহি। 

৮৭ মিনিটে গোলের দেখা পেতে পারতেন সাইবারির বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি। কিন্তু তার শুন্যে ভেসে নেয়া দারুণ হেড ক্রসবারে লেগে ফেরত এলে হতাশ হতে হয় রাহিমিকে। তবে ম্যাচ শেষে এই হতাশা থাকেনি তার। স্টপেজ টাইমের শেষ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ বল বাড়ান দিয়াজ, সেটি থেকে গোল করতে ভুল করেননি রাহিমি। 

কোয়ার্টারে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দল। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল আফ্রিকান দেশটিকে। 

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]