শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
শনিবার ৪ জুলাই ২০২৬
 
স্পোর্টস
‘সতীর্থদের আত্মবিশ্বাস দিতেই পানেনকা মেরেছি’





স্পোর্টস ডেস্ক
Saturday, 4 July, 2026
9:38 PM
 @palabadalnet

 অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে পানেনকা শটে গোল করেছেন সালাহ। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে পানেনকা শটে গোল করেছেন সালাহ। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ঐতিহাসিক জয়ে টাইব্রেকারে ‘পানেনকা শট’ থেকে বল জালে জড়িয়েছেন মিশরের তারকা মোহামেদ সালাহ। আগে থেকেই কি এমন কিছু ভেবে রেখেছিলেন তিনি? সালাহ বলেছেন, একদম শেষ মুহূর্তের সিদ্ধান্তে সতীর্থদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস যোগাতেই পানেনকা শট নিয়েছেন তিনি। 

টাইব্রেকারে ২-২ থাকা অবস্থায় মিশরের হয়ে তৃতীয় পেনাল্টি নিতে আসেন সালাহ। বেশিরভাগ ফুটবলারের মতো কোনাকুনি শট না মেরে পোস্টের মাঝ বরারবর পানেনকা মেরে অজি গোলরক্ষক ম্যাট রায়ানকে পরাস্ত করেন তিনি। 

ম্যাচ শেষে সাংবাদিকেরা সালাহর কাছে এই সাহসী সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে সালাহ বলেন, “দলের কেউ যদি এটা করে থাকতে চায় তো সেটা আমি। কারণ বাকি সবার চেয়ে আমি বেশি অভিজ্ঞ। বাকি সবাইকে আত্মবিশ্বাস যোগাতে চেয়েছিলাম আমি। একদম শেষ সময়ে এসে পানেনকার ব্যাপারে সিদ্ধান্ত নেই আমি। জানিনা এটাই আমার শেষ বিশ্বকাপ কি না, তবে এটা আমাকে করতেই হতো।”

এর আগে কখনোই বিশ্বকাপের নকআউট ম্যাচ কি জিনিস সে অভিজ্ঞতা হয়নি মিশরীয় ফুটবলারদের। এমন বড় ম্যাচের আগে সতীর্থরা যেন চাপ অনুভব না করেন, তাই সবাইকে সাহস যোগাতে চেয়েছেন সালাহ, “আমাদের জন্য এটা ইতিহাস। ম্যাচের আগেই আমি সতীর্থদের বলেছিলাম, এর চেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ আর হয় না। ম্যাচটা তাই উপভোগ করো, নিজের উপর চাপ জেঁকে বসতে দিও না। ম্যাচটা জিততে পেরে আমি খুশি। অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য, পেনাল্টিতে হারতে হয়েছে। তবে ইতিহাস রচনা করতে পেরে আমি আনন্দিত।” 

শেষ ষোলোতে আরেক মহাতারকা মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবেন সালাহরা। নিজেদের ম্যাচ শেষে সালাহ তখনো জানতেন না পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে। মেসির বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহ পেশাদার উত্তরই দিয়েছেন, “আর্জেন্টিনার খেলা এখনও হয়নি। আমাদের তাই সব দলকেই সম্মান করতে হবে। দেখা যাক সামনে কী হয়।” 

গোল কিংবা অ্যাসিস্ট না পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি সুযোগ তৈরি করেছেন সালাহ। ম্যাচসেরার পুরষ্কারটাও তিনিই পেয়েছেন। 

গতানুগতিক পদ্ধতিতে পেনাল্টি শট না মেরে পোস্টের মাঝ বরাবর আলতো চিপ করে বল জালে পাঠানোকে ডাকা হয় পানেনকা পেনাল্টি নামে। সাবেক চেকোস্লোভাকিয়ার মিডফিল্ডার অ্যান্টোনিন পানেনকা ১৯৭৬ সালে ইউরো প্রতিযোগিতায় প্রথম এভাবে পেনাল্টি শট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপর তার নামেই এই শটের নাম হয় পানেনকা শট। 

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]