বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
 
স্পোর্টস
হারলেও খেলোয়াড়দের নিয়ে গর্বিত বসনিয়া কোচ





স্পোর্টস ডেস্ক
Thursday, 2 July, 2026
1:30 PM
 @palabadalnet

বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তবে এই বিদায়কে ব্যর্থতা হিসেবে দেখছেন না প্রধান কোচ সের্গেই বারবারেজ। বরং খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই বিশ্বকাপ যাত্রা উদযাপন করার মতোই একটি অর্জন।

বুধবার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বসনিয়া। এটিই ছিল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচ।

৪৮ দলের এই বিশ্বকাপে প্লে-অফ পেরিয়ে জায়গা করে নিয়েছিল বসনিয়া। সেই পথেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টুর্নামেন্টের বাইরে রেখে ইতিহাস গড়েছিল তারা। গ্রুপ পর্বে স্বাগতিক কানাডার সঙ্গে ড্র, কাতারের বিপক্ষে জয় এবং সুইজারল্যান্ডের কাছে হার নিয়ে তারা জায়গা করে নিয়েছিল শেষ বত্রিশে।

ম্যাচ শেষে বারবারেজ বলেন, “আমি আমার খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। এই অর্জন আমাদের উদযাপন করা উচিত, দুঃখ করা নয়। কারণ এটাই জীবন, এটাই ফুটবল, বিশেষ করে এমন বড় একটি প্রতিযোগিতায়।”

তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ছিল কঠিন। নিজেদের ভুল, বলের দখল কাজে লাগাতে না পারা এবং পর্যাপ্ত সুযোগ তৈরি করতে না পারাই শেষ পর্যন্ত তাদের বিদায়ের কারণ হয়েছে।

তবে তাতে খেলোয়াড়দের প্রতি তার গর্ব একটুও কমেনি। বারবারেজের ভাষায়, “আমরা দুই গোলে পিছিয়ে ছিলাম, কিন্তু ওদের খেলা দেখে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছিল। এটি সত্যিই অসাধারণ একটি অনুভূতি। এই মুহূর্তে আমি নিজেকে বিশ্বের সবচেয়ে গর্বিত কোচ মনে করছি।”

এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বসনিয়া কোচ। দেশের মানুষের ভালোবাসা ও অভ্যর্থনাই তাদের এই সাফল্যের প্রকৃত মূল্য বুঝিয়ে দেবে বলেই তার বিশ্বাস, “ভিডিও বার্তা কিংবা ফোনকল অবশ্যই ভালো লাগে। কিন্তু মানুষের মাঝে ফিরে যাওয়ার পরই আমরা বুঝতে পারব, আমাদের এই অর্জন কতটা বড়।”
 
পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]