
সংগৃহীত ছবি
শুরুতেই পিছিয়ে পড়েছিলো ডিআর কঙ্গো। সেই গোল ধরে বিশ্বকাপে প্রথম জয়ের আভাস পাচ্ছিলো উজবেকিস্তান। তবে শেষ দিকে বদলে গেল হিসেব। বিরতির পর ভিন্ন মেজাজে নামা কঙ্গো আদায় করল তিন গোল। দারুণ জয়ে নকআউট নিশ্চিত করল আফ্রিকার দেশ।
আটলান্টায় বিশ্বকাপে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গো জিতেছে ৩-১ গোলে। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে তাতে নিশ্চিত হয়ে গেছে তাদের নকআউট।
ম্যাচের শুরুতেই চমক দেখায় উজবেকিস্তান। প্রথম মিনিটেই এলদোর শামুরোদভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ম্যাচের ১০ মিনিটে আর কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। ডিআর কঙ্গোর রক্ষণভাগের ভুলে ফায়জুল্লায়েভের বাড়িয়ে দেওয়া বল ধরে দারুণ এক চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান শামুরোদভ। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কঙ্গো। ১৮ মিনিটে এমবুকু দূরপাল্লার শটে গোল করলেও ভিএআর রিভিউতে দেখা যায় বিল্ড-আপের সময় তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারকে আঘাত করেছিলেন, ফলে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে কঙ্গো উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে না পারায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় উজবেকিস্তান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চিত্র বদলে যায়। আক্রমণের ধার বাড়িয়ে উজবেক রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে ডিআর কঙ্গো। ম্যাচের ৬৮ মিনিটে ডি-বক্সের ভেতর উইসাকে ফাউল করেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার খুসানভ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে কঙ্গোকে সমতায় ফেরান নিউক্যাসেল ফরোয়ার্ড ইয়োনে উইসা। সমতা ফেরার পর কঙ্গোর বদলি খেলোয়াড়রা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেন। ৭৮ মিনিটে বদলি হিসেবে আসা এলিয়ার শট রক্ষণভাগে প্রতিহত হয়ে ফিরে এলে দারুণ রিফ্লেক্সে বল জালে পাঠান আরেক বদলি স্ট্রাইকার ফিস্টন মায়েলে, যার ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি।
ম্যাচের শেষ দিকে উজবেকিস্তান সমতায় ফেরার চেষ্টা করলেও তাদের আক্রমণভাগের ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি। উল্টো অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে উজবেকিস্তানের বিদায় নিশ্চিত করেন উইসা। এলিয়ার পাস থেকে চমৎকার নিচু শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। চলমান বিশ্বকাপে এটি উইসার তৃতীয় গোল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিআর কঙ্গো। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধের অল-রাউন্ড পারফরম্যান্সে যোগ্য দল হিসেবেই নকআউট পর্বে পা রাখল কঙ্গো।
পালাবদল/এসএ