
প্রতীকী ছবি
পাবনা: ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি নেতার মারধরে আহত কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাতে উপজেলার চড়ভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জামিল হোসেন রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত ইউসুফ আলী ভাঙ্গুড়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর থেকে তিনি পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সপ্তাহ আগে জামিল পরিবার নিয়ে বিএনপি নেতা ইউসুফ আলীর জমিতে ধান মাড়াইয়ের কাজ করতে আসেন। তারা কৈডাঙ্গা গ্রামে একটি ঘর ভাড়া নেন।
ওসি সাকিউল আজম বলেন, ধান কাটার অগ্রগতি নিয়ে বিরোধের জেরে শনিবার বিকেলে কৃষকশ্রমিক জামিলকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা আইনি প্রক্রিয়ায় না যাওয়ার জন্য একটি মুচলেকা দিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাকিউল আজম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পালাবদল/এসএ