মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
 
সারাবাংলা
জ্বালানি সংকটের মধ্যে মোটর শোভাযাত্রা করে পদ হারালেন ছাত্রদল নেতা





বগুড়া ব্যুরো
Monday, 13 April, 2026
11:11 PM
 @palabadalnet

মাসুদ রানার মোটর শোভাযাত্রা। ছবি ভিডিও থেকে

মাসুদ রানার মোটর শোভাযাত্রা। ছবি ভিডিও থেকে

জ্বালানি সংকটের মধ্যে মোটর শোভাযাত্রা করে সাংগঠনিক পদ হারিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক।

গতকাল রোববার মোটর শোভাযাত্রার মাধ্যমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন এ ছাত্রনেতা। শোভাযাত্রার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

আজ সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে পদ থেকে অব্যাহতি দেয়।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাসুদ রানাকে তার সাংগঠনিক পদ থেকে অপসারণ করা হয়েছে।

নিজেকে ‘মিডিয়া ট্রায়ালে’র শিকার দাবি করে মাসুদ রানা বলেন, “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের আগে জনগণের কাছে নিজের পরিচিতি তুলে ধরতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। বহরে থাকা ৪০ থেকে ৪৫টি গাড়ি গ্যাসচালিত ও চার-পাঁচটি এলপিজিচালিত ছিল।”

“শুধু একটি মোটরসাইকেল সামনের রাস্তা পরিস্কার করতে ব্যবহৃত হয়েছিল। এটি ছাড়া তেলচালিত আর কোনো যানবাহন ছিল না,” যোগ করেন মাসুদ। 

তিনি আরও বলেন, “আমি সম্প্রতি ৩০০ শিশুকে ঈদের পোশাক বিতরণ করেছি। কিন্তু সাংবাদিকরা সেই মানবিক কাজটি প্রকাশ না করে এই মিথ্যা খবর প্রচার করছে। আমি মিডিয়া ট্রায়ালের শিকার।”

শোভাযাত্রার খরচ সম্পর্কে জানতে চাইলে মাসুদ জানান, তার বাড়ির কাছে একটি মাইক্রোবাস স্ট্যান্ড রয়েছে এবং চালকেরা তার পরিচিত।

“চালকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, আমি শুধু গ্যাসের খরচ বাবদ সামান্য কিছু অর্থ দিয়েছি,” বলেন তিনি।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও গ্যাস সংকট চলছে। মাসুদ রানা আগে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করলে আমরা এমন আয়োজন করতে নিষেধ করতাম।”

কামরুল আরও বলেন, “ঘটনাটি জানার পর কেন্দ্রীয় কমিটি তাকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]