মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
 
রাজধানী
পুরান ঢাকায় অবৈধ পার্কিং অপসারণ





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 September, 2026
12:48 AM
 @palabadalnet

পুরান ঢাকার সড়ক ও ফুটপাত যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশের লালবাগ ট্রাফিক বিভাগ। ছবি: পুলিশের সৌজন্যে

পুরান ঢাকার সড়ক ও ফুটপাত যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশের লালবাগ ট্রাফিক বিভাগ। ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের নিচের অংশ, বাদামতলী ফল মার্কেট ও আরমানিটোলা মাঠ এলাকায় অবৈধ পার্কিং অপসারণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সোমবার এ অভিযান চালানো হয়।

লালবাগ ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে এসব এলাকায় ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে বাবুবাজার ব্রিজের নিচের চারটি ব্লক দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান, ভাতের হোটেল, অবৈধ স্থাপনা ও পার্কিং সরিয়ে দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে ইজারা নেওয়ার নামে দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে রাখা হয়েছিল। পার্কিংয়ের আড়ালে সেখানে ভাসমান দোকান ও মৌসুমি ফলের আড়ত বসানো হতো। এ ছাড়া নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও ছিল। সম্প্রতি এই ইজারা বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, বাদামতলী থেকে ওয়াইজঘাট পর্যন্ত এলাকায় রাস্তা আটকে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান পার্ক করে রাখা হতো। এতে সাধারণ যানবাহন চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতো। এ ছাড়া আরমানিটোলা মাঠের পেছনের সড়কেও বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানি ও কেমিক্যাল মার্কেটের গাড়ি পার্ক করে রাখা হতো। অভিযানে এসব অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে।

লালবাগ ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, সড়ক ও ফুটপাতে অবৈধ পার্কিং এবং যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ১৫৮টি মামলা করা হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া গত দুই সপ্তাহে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার এ কে এম মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার সরু রাস্তা আটকে মালামাল ওঠানো–নামানোর কারণে প্রায় সারা দিনই যানজট লেগে থাকে। অবৈধ পার্কিং, স্থাপনা ও ভাসমান দোকান একবার উচ্ছেদ করার পর আবারও দখলের চেষ্টা চলে। এ কারণে উচ্ছেদ করা এলাকায় প্রতিদিন নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]