
জাহেদ উর রহমান: ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে হত্যাকাণ্ড বা হত্যা মামলার সংখ্যা কিছুটা বেড়েছে, তবে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধের মামলার সংখ্যা কমেছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মাত্র ছয় মাস গেল, আমরা আশা করি এই সমস্যাটার সমাধান ধীরে ধীরে হবে।”
বর্তমান পরিস্থিতিতে অপরাধের দায় সরকার এড়িয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
“আমি বলছি না অপরাধ হচ্ছে না, অপরাধ হচ্ছে। সেগুলো আপনারা আনছেন, এটাও লজিক্যাল। একটা অপরাধও যেন না ঘটে সরকার বা ঘটলেও সেটার দায় সরকারের, মানতে আমি একেবারেই দ্বিধা করছি না।”
তবে অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি খুব বেশি খারাপ নয় বলেই মনে করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, সরকার “একেবারে মনোবল শেষ হওয়া’ পুলিশ বাহিনীকে নিয়ে কাজ করছে।
জাহেদ উর রহমান বলেন, “অন্তর্বর্তী আর আমরা একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে কাজ করছি। সেটা হলো একেবারে ধ্বংসপ্রাপ্ত, মনোবল শেষ হওয়া একটা পুলিশ বাহিনী নিয়ে কাজ করছি।”
পুলিশের আত্মবিশ্বাস এখনো পুরোপুরি ফেরেনি বলেও মন্তব্য করেন তিনি।
পালাবদল/এমএম